রবিবাসরীয় একানায় আইপিএলের রোমাঞ্চ যখন চরমে, তখন আরও একবার প্রমাণ হলো— কেকেআর মানেই রিঙ্কু সিং। যখন সুপার ওভারের জাদুকর সুনীল নারিনের কথা হচ্ছে, তখনও খলনায়ক হতে পারতেন নাইটরা যদি না রিঙ্কু সিং ব্যাট হাতে রুখে দাঁড়াতেন। লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে কেকেআর-কে টানা দ্বিতীয় জয় এনে দিলেন দলের সহ-অধিনায়ক। ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইটরা রিঙ্কুর ৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসে ভর করেই লড়াই করার পুঁজি পায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিঙ্কুকে রসিকতা করে ‘সঙ্কটমোচন সিং’ ডাকার প্রস্তাব দেওয়া হলে তিনি হাসিমুখে বলেন, “নাহ, আমি রিঙ্কুতেই ঠিক আছি।” এদিন শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও চারটি দুরন্ত ক্যাচ নিয়ে কেকেআর-এর জয়ের পথ প্রশস্ত করেন তিনি। ম্যাচ শেষে সাফল্যের মন্ত্র শেয়ার করে রিঙ্কু বলেন, “আমি যখন নামি তখন ৪ উইকেট নেই। পরিকল্পনা ছিল স্ট্রাইক রোটেট করা আর খারাপ বল পেলে বাউন্ডারি মারা। উইকেট পড়ছিল বলে ঝুঁকি নিইনি, লক্ষ্য ছিল শেষ পর্যন্ত টিকে থাকা।”
অধিনায়ক অজিঙ্কা রাহানেও মুগ্ধ তাঁর ডেপুটির পারফরম্যান্সে। রাহানে বলেন, “১৬ ওভারের পর রিঙ্কু যা খেলল তা অভাবনীয়। ও একাই মোমেন্টাম ঘুরিয়ে দিল।” তবে জয়ের কৃতিত্ব শুধু ব্যাটারদের নয়, কার্তিক ত্যাগী ও বৈভব অরোরাদের বোলিংয়েরও প্রশংসা করেছেন অধিনায়ক।
ম্যাচের ক্লাইম্যাক্স ছিল আরও নাটকীয়। শেষ বলে মহম্মদ শামির ছক্কায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে বল হাতে ভেলকি দেখান সুনীল নারিন। মাত্র ১ রান খরচ করে পুরান ও মার্করামকে প্যাভিলিয়নে ফেরান তিনি। জয়ের জন্য কেকেআর-এর লক্ষ্য দাঁড়ায় মাত্র ২ রান। প্রথম বলেই চার মেরে কেকেআর-কে জয় এনে দেন সেই রিঙ্কু সিং।





