মছলিশহরের সাংসদ প্রিয়া সরোজের গলার আওয়াজ আর গ্যালারির উন্মাদনা—দুই মিলিয়ে লখনউয়ের ইকানা স্টেডিয়ামে কাল রাতে সুপার ফিনিশার রিঙ্কু সিংয়ের ব্যাটে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল। কেকেআর-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রিঙ্কু যখন মাঠের চারদিকে বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে তাঁকে ক্রমাগত উৎসাহ দিচ্ছেন তাঁর বাগদত্তা প্রিয়া। তাঁর মুখেই শোনা গেল, “আর একটা রিঙ্কু!” প্রিয়ার এই উপস্থিতিই যেন রিঙ্কুকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে বাড়তি অক্সিজেন যুগিয়েছে।
গত ৯ এপ্রিল ২০২৩-এ গুজরাতের বিরুদ্ধে ৫ বলে ৫ ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন রিঙ্কু। আইপিএল ২০২৬-এ আবারও সেই পুরনো মেজাজে ধরা দিলেন তিনি। মাত্র ৪ উইকেটে ৩১ রান হারিয়ে যখন ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স, সেখান থেকে ইনিংসের হাল ধরেন আলিগড়ের এই লড়াকু ক্রিকেটার। ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৩ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ৫টি দুর্দান্ত ক্যাচ নিয়ে তিনি লখনউয়ের মেরুদণ্ড ভেঙে দেন।
What it’s all about 🤌💜 pic.twitter.com/t4l5Rb3zMj
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2026
তবে এই সাফল্যের পেছনে রয়েছে এক গভীর বিষাদ। এই বছরের ফেব্রুয়ারিতেই তাঁর বাবা খানচন্দ সিং মারা যান। সেই শোক বুকে পাথর চাপা দিয়েই এবার আইপিএল লড়ছেন রিঙ্কু। ম্যাচ শেষে প্রিয়া সরোজ আবেগঘন গলায় জানান, “আমরা খুব খুশি। ও যা খেলেছে সেটা আমাদের শ্বশুরমশাইয়ের (রিঙ্কুর বাবা) জন্য। আমরা ওনাকে খুব মিস করছি।” বাবার প্রতি এই উৎসর্গ এবং বাগদত্তার সমর্থন—সব মিলিয়ে রিঙ্কু সিং এখন আইপিএলের মঞ্চে কোটি কোটি মানুষের নয়নের মণি।





