আইপিএল ২০২৬-এর দৌড় থেকে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। গুজরাট টাইটানসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর থেকেই শুরু হয়েছে কাটাছেঁড়া। ভক্তদের একটাই প্রশ্ন, দলটির ভরাডুবির আসল কারণ কী? এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে দলের কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনির অনুপস্থিতি।
পুরো মৌসুমজুড়ে ধোনি ছিলেন চোটের কবলে। মৌসুমের শুরুতে কাফ মাসলের চোট এবং পরবর্তীতে বুড়ো আঙুলের চোটে তিনি একটি ম্যাচও খেলতে পারেননি। কিন্তু সিএসকে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। চোট থাকা সত্ত্বেও কেন ধোনির বদলি হিসেবে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেওয়া হয়নি? চেন্নাইয়ের অন্যান্য চোটাক্রান্ত খেলোয়াড়দের বদলি নেওয়া হলেও ধোনির ক্ষেত্রে ব্যতিক্রম ছিল।
যদিও ডাগ-আউটে ধোনির উপস্থিতি তরুণ খেলোয়াড়দের উৎসাহ জোগাতে সাহায্য করেছিল, তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, তাঁর জায়গায় একজন কার্যকর খেলোয়াড় থাকলে হয়তো দলের ভাগ্য অন্যরকম হতে পারত। শেষ ম্যাচে চিপক স্টেডিয়ামে ধোনির উপস্থিতি ভক্তদের আবেগপ্রবণ করলেও, পয়েন্ট টেবিলে তার কোনো প্রভাব পড়েনি। এখন প্রশ্ন একটাই—ধোনির ওপর অতিরিক্ত আস্থার মাশুল কি দিতে হলো সিএসকে-কে? এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী মৌসুমে তারা কী পথে এগোয়, সেটাই দেখার বিষয়।





