আইপিএল ২০২৬-এর শুরুতে যে কলকাতা নাইট রাইডার্সকে কেউ গুনতিতেই রাখছিল না, তারাই এখন লিগ টেবিলের অন্যতম চর্চিত নাম। প্রথম ছয় ম্যাচের একটিও জিততে না পেরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা নাইটরা যেন ফিনিক্স পাখির মতোই ছাই থেকে জেগে উঠেছে। পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় তুলে নিয়ে তারা এখন প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে। নাইটদের এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো বহু পুরনো ভক্তদের মনে করিয়ে দিচ্ছে ২০১৪ সালের স্মৃতি। সেবারও ঠিক এভাবেই খাদের কিনারা থেকে ফিরে এসে টানা নয়টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ১২ বছর পর কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? নাইট অনুরাগীদের মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
নাইটদের এই সাফল্যের রূপকথার কেন্দ্রে রয়েছেন ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী। এই তরুণ কিপার-ব্যাটার ব্যাট হাতে যেন একাই ধ্বংস করছেন বিপক্ষ বোলিং লাইনআপ। চলতি মরশুমে ১৩টি ম্যাচে ১৪৬.৫২ স্ট্রাইক রেট ও ৪২.২০ গড়ে ৪২২ রান করে তিনি এখন কেকেআরের সর্বোচ্চ রানসংগ্রাহক। আইপিএলের ইতিহাসে এক মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি অর্ধশতরানের কৃতিত্বও তাঁর দখলে। তবে এই তরুণ তুর্কিকে ঘিরেই এখন নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে ঘটে এক অনভিপ্রেত ঘটনা। ম্যাচের প্রথম ইনিংসে কিপিং করার সময় তিলক বর্মার একটি ক্যাচ ধরার জন্য দৌড়ান অঙ্গকৃষ। ঠিক তখনই বোলার বরুণ চক্রবর্তীর সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তিনি আর কিপিং করতে পারেননি, এমনকি ব্যাটিংয়ের সময়ও মাঠে নামতে পারেননি। তাঁর বদলে তেজস্বী দাহিয়াকে ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নামাতে হয়েছিল নাইটদের।
অঙ্গকৃষের এই চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের সহকারী কোচ শেন ওয়াটসন। তিনি জানান, ক্যাচ ধরার সময় ঘাড় ও মাথায় প্রচণ্ড আঘাত পান অঙ্গকৃষ। ওয়াটসন বলেন, “বরুণের সঙ্গে ধাক্কা লাগার পর ওর ঘাড় ও মাথায় বেশ চোট লেগেছিল। মাঠ থেকে ফেরার পর ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিল এবং অল্প সময়ের মধ্যেই তীব্র মাথা ব্যথা শুরু হয়। ও মাঠে নামার জন্য মরিয়া ছিল, কারণ ওর মানসিকতা ভীষণ লড়াকু। ব্যাটিংয়ের সময় আমরা ওকে খুব মিস করেছি।”
আপাতত কেকেআর সমর্থকদের বড় প্রশ্ন—অঙ্গকৃষ কবে ফিট হয়ে মাঠে ফিরবেন? প্লে-অফের দোড়গোড়ায় দাঁড়িয়ে থাকা নাইটদের জন্য তাঁর সুস্থ হওয়াটা অপরিহার্য। পরবর্তী ম্যাচগুলোতে যদি অঙ্গকৃষ খেলতে না পারেন, তবে নাইটদের ব্যাটিং লাইনআপ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এই উঠতি তারকাকে। ওয়াটসন আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে তিনি দলে ফিরবেন। এখন দেখার বিষয়, তরুণ এই ব্যাটারের অনুপস্থিতিতে নাইটরা প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারে কি না।





