রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা নিয়ে এক অদ্ভুত জালিয়াতির ঘটনা সামনে এল পূর্ব বর্ধমানের জামালপুরে। নিজের অবিবাহিত অবস্থায় বা সন্তান না থাকলেও, ভোটার তালিকায় এক ব্যক্তির ‘পিতা’ হিসেবে নিজের নাম দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দা অশোক অধিকারীর। বারবার নির্বাচন কমিশনের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না মেলায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
ঘটনাটি ঠিক কী?
জামালপুরের জুতিহাটি গ্রামের বাসিন্দা ৪৪ বছর বয়সী অশোক অধিকারী। সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর তিনি দেখেন, তাঁর বুথেই (১০৯ নম্বর) জনৈক মনতোষ অধিকারী নামে এক ব্যক্তি তাঁকে নিজের পিতা হিসেবে নথিভুক্ত করেছেন।
তালিকার ৬৪১ নম্বরে রয়েছেন অশোকবাবু।
অথচ ৬৪৪ নম্বরে থাকা মনতোষের বাবার নামের জায়গায় জ্বলজ্বল করছে অশোকবাবুর নাম।
শুনানি হলেও বদলাল না তথ্য
অশোক অধিকারীর দাবি, বিএলও (BLO) থেকে শুরু করে নির্বাচনী আধিকারিক—সবার কাছেই তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। কমিশনের ডাকা শুনানিতে গিয়ে সশরীরে উপস্থিত থেকে প্রমাণও দিয়েছেন যে মনতোষ তাঁর ছেলে নন। কিন্তু চূড়ান্ত তালিকায় দেখা যায়, ভুল সংশোধন তো দূরস্ত, তথ্য রয়ে গিয়েছে আগের মতোই।
দুই পরিবারই বিপাকে
আশ্চর্যজনকভাবে, মনতোষ অধিকারীর আসল বাবা পরমানন্দ অধিকারী ও মা কমলাদেবীও জানিয়েছেন যে এটি কমিশনেরই ভুল। মনতোষ নিজেও নাকি সংশোধনের চেষ্টা করেছিলেন, কিন্তু সরকারি লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে গোটা বিষয়টি। জামালপুর ব্লকের বিডিও তথা নির্বাচনী আধিকারিক পার্থসারথি দে অবশ্য জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
ভোটের মুখে এই ইস্যুকে হাতিয়ার করতে ছাড়ছে না কোনো পক্ষই:
তৃণমূল: তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের তোপ, “ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ।”
বিজেপি: অন্যদিকে বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল একে দণ্ডনীয় অপরাধ আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।





