Weather: ফের নিম্নচাপের ভ্রূকুটি, চতুর্থী থেকে ভাসতে পারে বাংলা; জেনে নিন পূর্বাভাস

পুজোর ঠিক মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটি আজ, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল, ২৭ সেপ্টেম্বর (শনিবার) এটি স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর।
সমুদ্র এই মুহূর্তে উত্তাল থাকায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
আজ ও কাল দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার (চতুর্থী): আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে মাঝরাতের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শনিবার (পঞ্চমী): ২৭ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায়ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা।
ষষ্ঠী থেকে নবমী-দশমী: কবে বাড়বে দুর্যোগ?
রবিবার (ষষ্ঠী) থেকে মঙ্গলবার (অষ্টমী): কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মাঝে বৃষ্টি থেমে গেলে রোদেরও দেখা মিলতে পারে। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
বুধবার (নবমী): আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ ফের বাড়ার সম্ভাবনা।
নবমী ও দশমীতে পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি
শুক্রবার: দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (পঞ্চমী): ২৭ সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মোটকথা, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।