SIR-এর জেরে ফিরে এলেন ৪৫ বছর আগে নিখোঁজ ছেলে! রাজস্থানে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা, কেঁদে ভাসালেন মা

দেশজুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে যখন তীব্র বিতর্ক, অভিযোগ এবং রাজনৈতিক চাপানউতোর চলছে, ঠিক তখনই রাজস্থান থেকে উঠে এলো এক অবিশ্বাস্য মানবিক গল্প। এই বহুচর্চিত এসআইআর প্রক্রিয়ার কল্যাণেই ৪৫ বছর আগে নিখোঁজ হওয়া এক ছেলেকে ফিরে পেল তাঁর পরিবার, যা দেখে পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠেছে।
রাজস্থান-মধ্যপ্রদেশ সীমান্তে অবস্থিত ছোট্ট গ্রাম সূরজ। গত বুধবার এই গ্রামেই আলো ঝলমল করে উঠল। কারণ, ১৯৮০ সালে নিখোঁজ হওয়া গ্রামের ছেলে উদয় সিং (Uday Singh) বাড়ি ফিরে এসেছেন। তিন দশক পেরিয়ে যাওয়ার পরেও উদয়ের পরিবার আশা হারায়নি।
স্মৃতি হারান সড়ক দুর্ঘটনায়, ফিরল SIR ক্যাম্পে
উদয় সিং নিখোঁজ হওয়ার পর প্রায় ৪৫ বছর ধরে নিজের বাড়ি থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে ছত্তীসগড়ের একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন। তথ্য অনুযায়ী, একটি সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি স্মৃতিশক্তি হারান। ফলস্বরূপ, বাড়ির নাম, আত্মীয়-পরিজন—সবকিছুই তাঁর স্মৃতি থেকে মুছে গিয়েছিল।
তবে এসআইআর ক্যাম্প শুরু হওয়ার পর হঠাৎ কৌতূহলী হয়ে ওঠেন উদয়। তিনি শুধু নিজের জাত এবং গ্রামের নাম মনে করতে পারছিলেন। এই সূত্র ধরে বুধবার তিনি গ্রামের স্কুলে ভোটার ফর্ম সম্পর্কে জানতে যান। নথি যাচাইয়ের সময় এক শিক্ষক তাঁকে দেখে সন্দেহ করেন, কারণ অপরিচিত হওয়া সত্ত্বেও তিনি গ্রামের নাম জানতেন।
মাকে চেনাল পুরনো ক্ষতচিহ্ন
এরপরই খবর দেওয়া হয় পরিবারের কাছে। স্বাভাবিকভাবেই ৪৫ বছরের ব্যবধানে প্রথম দেখায় কেউ তাঁকে চিনতে পারেননি। কিন্তু যখন উদয় ধীরে ধীরে শৈশবের কথা, সম্পর্কের গল্প এবং বাড়ির পুরনো দৃশ্য বর্ণনা করতে শুরু করলেন, তখন পরিবারের মনের ধোঁয়াশা কাটতে থাকে। সব শেষে তাঁর মা চিনে নিলেন ছেলেকে কপাল আর বুকের পুরনো ক্ষতের দাগ দেখে। মুহূর্তেই মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
উদয় ফিরে আসার এই খবর দেড়শো ঘরের সূরজ গ্রামে ছড়িয়ে পড়তেই মেলা বসে যায়। আত্মীয়-পরিজনরা তাঁকে দেখতে ছুটে আসেন। গ্রামবাসী ঐতিহ্য মেনে ঘোড়ায় চড়িয়ে তাঁকে স্বাগত জানান, কার্যত বিয়ে বাড়ির মতো সাজিয়ে তোলা হয় পুরো গ্রাম। দেশজুড়ে যখন এসআইআরকে ঘিরে অস্থিরতা, সেই মুহূর্তে এই ঘটনা যেন এক নতুন আলোর সঞ্চার করল।