SFI-ABVP-র খণ্ডযুদ্ধে রণক্ষেত্র যাদবপুর! দ্রুত শুনানির আর্জি খারিজ করে আদালত কী জানাল?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ এবার গড়াল কলকাতা হাইকোর্টে। বুধবার গভীর রাতে এসএফআই এবং এবিভিপির সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পর বৃহস্পতিবার সকালেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীর আইনজীবী।

তবে আদালত দ্রুত শুনানির সেই আবেদন তৎক্ষণাৎ গ্রহণ করেনি। নির্দিষ্ট নিয়ম মেনে যথাযথভাবে মামলা দায়ের করে তবেই আদালতে আসার পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, বুধবার রাতে ইঞ্জিনিয়ারিং অনুষদের সাধারণ সভা বা জিবি মিটিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে ব্যাপক অশান্তি, হাতাহাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, তার জেরে ইতিমধ্যেই ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে, দুই ছাত্র সংগঠনের পালটা কর্মসূচিকে ঘিরে আজও উত্তপ্ত রয়েছে যাদবপুর চত্বর। এই সংঘাতের আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।