“৭০ লাখি BMW নয়, মেক ইন ইন্ডিয়া EV-তে জোর!”-লোকপালের বিলাসবহুল টেন্ডার নিয়ে বিতর্ক উস্কে দিলেন অমিতাভ কান্ত

দেশের দুর্নীতি দমনকারী সংস্থা ‘লোকপাল’-এর জন্য ৭০ লাখ টাকা দামের মোট ৭টি বিলাসবহুল BMW গাড়ির টেন্ডার নিয়ে দেশজুড়ে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই এই বিতর্কে মুখ খুললেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, BMW-এর মতো বিলাসবহুল সেডান নয়, তাঁর পছন্দ ইলেকট্রিক ভেহিক্যাল (EV)। শুধু তাই নয়, তিনি নিজেই একটি ‘মেক ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক গাড়ি কিনেছেন।

অমিতাভ কান্তের পছন্দ EV: এক্স হ্যান্ডলে নিজের নতুন গাড়ির ছবি শেয়ার করে অমিতাভ কান্ত লেখেন, “আমি সদ্য মহিন্দ্রা XEV9-এ সুইচ করেছি। উচ্চমানের ইনোভেটিভ ডিজাইন, অত্যাধুনিক EV টেকনোলজি এবং দারুণ ড্রাইভিং পারফর্ম্যান্স!”

তিনি এই EV-কে শুধু একটি গাড়ি হিসেবে দেখেন না, বরং এটিকে দেশের অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কটাক্ষের সুরে কান্ত আরও লেখেন, “যাঁরা BMW কেনার কথা ভাবছেন, মেক ইন ইন্ডিয়া EV কিনতে পারেন। আপনাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে।”

এর আগেও কান্ত বলেছিলেন, লোকপালের উচিত এই বিলাসবহুল টেন্ডার বাতিল করে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির পথে হাঁটা।

লোকপালকে নিয়ে বিতর্ক: অ্যান্টি-করাপশন ‘ওয়াচডগ’ হিসেবে পরিচিত লোকপাল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের দুর্নীতি দমনের জন্য তৈরি করা হয়েছে। এই সংস্থা যখন প্রায় ৭০ লাখ টাকা দামের লাক্সারি সেডানে চেপে দুর্নীতির তদন্তে যাওয়ার কথা ভাবছে, তখনই বিরোধীরা লোকপালের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন।

কত দামের গাড়ি কিনছে লোকপাল? জানা গেছে, লোকপালের জন্য মোট ৭টি BMW গাড়ির টেন্ডার ডাকা হয়েছে। মডেলটি হল BMW 3 সিরিজ়ের 330 Li, যার অন রোড দাম ৭০ লক্ষ টাকার আশেপাশে। অর্থাৎ, ৭টি গাড়ির মোট বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এই বিলাসবহুল গাড়িগুলিকে ৩০ দিনের মধ্যে দিল্লির বসন্ত কুঞ্জ ইনস্টিটিউশনাল এরিয়াল দপ্তরে পাঠিয়ে দিতে বলা হয়েছে। এই টেন্ডার নিয়েই এখন জাতীয় স্তরে বিতর্ক তুঙ্গে।