৪ দিন আগেই ঘটেছিল একই কাণ্ড! কার্শিয়াং-নেপাল রুটে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, কীভাবে বাঁচলেন ১৬ জন যাত্রী?

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় রক্ত ঝরল পাহাড়ি রাস্তায়। বুধবার মিরিকের কাছে নলদাড়ার পুটুংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শো ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ও পরে মোট চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬ জন যাত্রী।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে প্রায় ১৯ থেকে ২০ জন যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে তিন জন নেপালের এবং একজন নকশালবাড়ির জাবরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে কার্শিয়াং থেকে যাত্রী নিয়ে নেপালের কাকরভিটা যাচ্ছিল গাড়িটি। পুটুংয়ের কাছে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শী সন্দিপ দার্নালের দাবি, “গাড়িটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় সেটি পিছন দিকে যেতে শুরু করে এবং দেখতে দেখতে সোজা খাদে গড়িয়ে পড়ে।”

কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।”

উদ্ধারকাজ ও স্থানীয়দের তৎপরতা

ভয়াবহ এই দুর্ঘটনাটি দেখামাত্র স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে পানিঘাটা থানার পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আহত সকলকেই দ্রুত নকশালবাড়ি ব্লক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র চার দিন আগেই গত সপ্তাহে পাঙখাবাড়িতেও একইভাবে যাত্রী বোঝাই গাড়ি খাদে গড়িয়ে পড়েছিল, যেখানে দু’জন যাত্রীর মৃত্যু হয়। পাহাড়ে একের পর এক পথ দুর্ঘটনার জেরে স্থানীয় যাত্রী এবং পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।