৩৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণের মেগা পরিকল্পনা, কোন জেলায় কত টাকা বরাদ্দ করল রাজ্য সরকার?

আসন্ন স্বাধীনতা দিবসকে আরও বেশি বিশেষ ও বর্ণময় করে তুলতে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং জাতীয় পতাকার মর্যাদা তুলে ধরতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামী ৯ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় পালিত হবে মেগা কর্মসূচি ‘হর ঘর তেরঙ্গা’। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন সমস্ত জেলাশাসক এবং সংশ্লিষ্ট দফতরের কাছে একটি বিস্তারিত ১৩ দফার নির্দেশিকা ও বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ মেনেই এই প্রস্তুতি শুরু করেছে নবান্ন।
৩৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণ ও আর্থিক বরাদ্দ
এই অভিযানকে সফল করতে রাজ্যজুড়ে প্রায় ৩৫ লক্ষ জাতীয় পতাকা বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে আলাদাভাবে আর্থিক বরাদ্দ করেছে তথ্য ও সংস্কৃতি দফতর:
জেলা ও কলকাতা পুরসভা: জেলাপিছু এবং কলকাতা পুরনিগমের জন্য ১ লক্ষ ৫০ হাজার করে জাতীয় পতাকা এবং ১ লক্ষ টাকা করে আর্থিক বরাদ্দ করা হয়েছে। (ব্যতিক্রম কালিম্পং জেলা, যেখানে ২০ হাজার জাতীয় পতাকা দেওয়া হবে)।
মহকুমা স্তর: প্রতিটি মহকুমার জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ।
ব্লক ও বাকি পুরসভা: প্রতিটি ব্লক ও সাধারণ পুরসভার জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির ছোঁয়া ও বিশেষ কর্মসূচি
এবারের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলতে একে ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অনলাইন বা অফলাইন সমস্ত অনুষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এমনকি অফিশিয়াল পোর্টালে কেউ তেরঙ্গার সঙ্গে সেলফি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে ‘বন্দে মাতরম’-এর পঙক্তি।
জেলা প্রশাসনগুলির জন্য ১৩ দফার প্রধান নির্দেশিকা:
১. র্যালি ও প্রভাতফেরি: ৯ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত দফতর, জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে বড় আকারে তেরঙ্গা র্যালি, পদযাত্রা ও প্রভাতফেরির আয়োজন করতে হবে। এনসিসি (NCC) এবং এনএসএস (NSS)-কে সাইকেল ও ই-বাইক র্যালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২. সাংস্কৃতিক ও জনসচেতনতামূলক অনুষ্ঠান: স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের বাণী এবং গ্রাফিতি আঁকা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং বিতর্ক সভার আয়োজন করতে হবে। ৩. আলোকসজ্জা ও রঙ্গোলি: সরকারি ভবন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় তেরঙ্গা থিমের রঙ্গোলি ও আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। ৪. ডিজিটাল অংশগ্রহণ: সোশ্যাল মিডিয়ায় ডিপি (DP) পরিবর্তন এবং ‘Har Ghar Tiranga’ পোর্টালে সেলফি আপলোড করার মাধ্যমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পোর্টালে কীভাবে সেলফি আপলোড করে সার্টিফিকেট তুলবেন?
ধাপ ১: অফিসিয়াল ‘Har Ghar Tiranga’ পোর্টালে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং রাজ্য বা দেশের নাম লিখে তথ্য জমা দিন।
ধাপ ২: হাতে জাতীয় পতাকা নিয়ে একটি পরিষ্কার সেলফি বা ছবি তুলুন, যেখানে তেরঙ্গা স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
ধাপ ৩: ‘Browse Files’ বা ‘Click Picture’ অপশন ব্যবহার করে ছবিটি সরাসরি পোর্টালে আপলোড করুন।
ধাপ ৪: ছবি আপলোড সফল হওয়ার পর ‘Generate Certificate’-এ ক্লিক করলেই আপনার নামে বিশেষ অংশগ্রহণের প্রশংসাপত্র তৈরি হয়ে যাবে, যা আপনি অনায়াসেই ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।