২৪৩ আসনে ভোট কবে? বিহার দখলের লড়াইয়ে NDA বনাম ‘ইন্ডিয়া’ জোটের মহাসংগ্রাম!

বিহারের রাজনীতিতে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে। সেই সূত্রেই, আজ, সোমবার, বিহার বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে কমিশন। জানা গিয়েছে, বিকেল চারটায় দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হবে।

রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহার বিধানসভার মেয়াদ শেষের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, ছটপূজার পরেই বিহারে নির্বাচনের আদর্শ সময়।

ভোটের লড়াই ও নতুন নিয়ম

পাটনার মসনদ দখলের এই মেগা ফাইটে একদিকে থাকবে বিজেপি, জেডিইউ এবং এলজেপি-র সমন্বয়ে গঠিত এনডিএ (NDA) জোট, অন্যদিকে টক্কর দেবে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলির নিয়ে গঠিত ‘ইন্ডিয়া’ জোট

নতুন করে স্পেশাল এনরোলমেন্ট রিভিউ (SIR) হওয়ার পর এটিই বিহারে কমিশনের প্রথম নির্বাচন। এই নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:

  • মোট ভোটার: রাজ্যে বর্তমানে মোট যোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭.৪২ কোটিতে
  • ভোটার তালিকা: চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় ৬৮.৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং ২১.৫৩ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে।
  • ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা হ্রাস: এই নির্বাচন থেকে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটারের সংখ্যা ১,৫০০ থেকে কমিয়ে ১,২০০ জন করা হয়েছে।
  • EVM-এ প্রার্থীর ছবি: এই নির্বাচন থেকেই EVM-এ প্রার্থীর রঙিন ছবি থাকবে, যা ভোটারদের শনাক্তকরণে সাহায্য করবে।

উল্লেখ্য, বিহারে একাধিক দফায় ভোটগ্রহণ হওয়ার ইতিহাস রয়েছে। ২০২০ সালে তিন দফায় ভোট হয়েছিল এবং ২০১৫ সালে হয়েছিল পাঁচ দফায়। আজ বিকেল চারটার ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।