২১ শে জুলাইয়ের মঞ্চে ‘চমক’ দিলেন দিলীপ? তৃণমূলের ‘শেষ শহিদ দিবস’ বলে করলেন কটাক্ষ

রাজ্য রাজনীতিতে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আজ ২১ জুলাইয়ের সকালে এক ভিন্ন প্রেক্ষাপটে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। দলবদল নিয়ে নানা গুঞ্জন থাকলেও, এদিন নিজের পরিচিত ভঙ্গিতে তিনি তৃণমূলের ২১ জুলাই সমাবেশকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন। পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল শহিদ হয়ে যাবে, এটাই শেষ শহিদ দিবস। ২০২৬ সালে শহিদ হয়ে যাবে তৃণমূল।”

চলতি মাসের শুরু থেকেই দিলীপ ঘোষ ২১ জুলাইয়ের দিন “চমক” দেওয়ার কথা বলে আসছিলেন। তাঁর দাবি ছিল, এদিন তিনি কোনো না কোনো মঞ্চে থাকবেনই। সেই মতো, ধর্মতলায় তৃণমূলের মেগা ‘শহিদ দিবসে’র পাল্টা হিসেবে এদিন তিনি মেদিনীপুরের খড়গপুরে বিজেপির ‘শহিদ দিবস’ পালন করলেন।

সোমবার খড়গপুরে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’র আয়োজন করেছেন দিলীপ ঘোষ। তৃণমূলের ‘শহিদ দিবস’ পালনের বিরোধিতা করে তিনি এই সভার ডাক দিয়েছেন। তাঁর প্রথম নির্বাচিত এলাকা খড়গপুরে মূলত বিজেপির আদি কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ।

নিজের অবস্থান ব্যাখ্যা করে দিলীপ ঘোষ বলেন, “বিজেপি একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনো চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটায় নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে। ডিম ভাতের প্রোগ্রাম চলে। আমরা মনে করি, শহিদ তো আমাদের হয়েছে। যে শহিদদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক?”

তিনি আরও যোগ করেন, “বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহিদ হয়ে যাবে।” দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনে এর প্রভাব কী হয়, সেটাই এখন দেখার।