২০-৩০ জনের জমায়েত, তারপরই বচসা! জন্মদিনের পার্টিতে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কতজন জড়িত?

জন্মদিনের পার্টিতে বচসার জেরে হঠাৎই চলল গুলি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন ফাঁসিতলা এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন সৌরভ রায় নামে এক যুবক। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

কী ঘটেছিল ফাঁসিতলায়?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌরভ রায়ের জন্মদিন উপলক্ষে স্থানীয় ফাঁসিতলা এলাকার একটি গোডাউন সংলগ্ন বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ২০ থেকে ৩০ জন যুবক জড়ো হয়েছিলেন। পার্টি চলাকালীন নিজেদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়।

অভিযোগ, এই বীব্র বচসার মধ্যেই এক যুবক হঠাৎ করেই বন্দুক বের করে গুলি চালায়। সেই গুলি লাগে জন্মদিন পালন করা যুবক সৌরভ রায়ের পায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। ভাগ্যক্রমে, গুলি পায়ে লাগায় তিনি প্রাণে রক্ষা পান।

পুলিশের জালে ১৪ জন

মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মোট ১৪ জনকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে ধৃত সকলকেই বহরমপুর আদালতে তোলা হয়।

পুলিশের অনুমান, এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। কেন এবং কী কারণে এই গুলি চালানো হলো, তা জানতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ।