খালি পেটে গ্রিন টি খাচ্ছেন? জানেন কি শরীরে কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন?

অনেকেই সকালে ঘুম থেকে উঠেই গ্রিন টি পান করতে পছন্দ করেন। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই পানীয় স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, খালি পেটে এটি পান করা অনেকের ক্ষেত্রেই বমি বমি ভাব বা অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রিন টি-তে থাকা ‘ট্যানিন’ এবং ক্যাফেইন পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা পাকস্থলীর ভেতরের আস্তরণে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের পেট সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই অস্বস্তি বেশি প্রকট হয়।

২০২০ সালে ‘ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন’-এর একটি গবেষণায় হৃদরোগ এবং নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে গ্রিন টি-এর ইতিবাচক ভূমিকার কথা উঠে এসেছে। তবে এটি ওজন কমাতে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা কার্যকর, তা নিয়ে এখনও গবেষণার অবকাশ রয়েছে। গ্রিন টি-তে থাকা ট্যানিন অম্লতা বৃদ্ধি করে পেট ফাঁপা বা বুক জ্বালার মতো সমস্যা তৈরি করতে পারে, অন্যদিকে ক্যাফেইন গ্যাস্ট্রাইটিস রোগীদের উপসর্গ আরও গুরুতর করে তোলে।

এই সমস্যা এড়াতে সকালে খালি পেটে গ্রিন টি পান না করাই ভালো। বরং হালকা কোনো জলখাবার খাওয়ার পর এটি পান করা সবচেয়ে উপযুক্ত। ঘুম থেকে উঠেই অতিরিক্ত পরিমাণে গ্রিন টি পান করা এড়িয়ে চলুন। যদি গ্রিন টি পান করার পর নিয়মিত অসুস্থ বোধ করেন, তবে চায়ের পরিমাণ কমিয়ে দিন অথবা কম ক্যাফেইনযুক্ত গ্রিন টি বেছে নিন। হজম সংক্রান্ত কোনো জটিলতা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক নিয়মে পান করলে গ্রিন টি আপনার স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হতে পারে।