১০০ দিনের কাজে বাংলাকে ‘শূন্য’ বরাদ্দ, লোকসভায় কেন্দ্রের তথ্যে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত

একশো দিনের কাজ (MGNREGA) প্রকল্পে পশ্চিমবঙ্গকে ২০২৪-২৫ অর্থবর্ষে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি— লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পেশ করা এই পরিসংখ্যান ঘিরে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রের নোটিশ ছিঁড়ে প্রতিবাদ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানায়, নিয়ম না মানার কারণেই পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। কেন্দ্রের এই ‘লিখিত স্বীকারোক্তি’ সামনে আসতেই তৃণমূল কংগ্রেসে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তৃণমূলের তোপ: ‘অঘোষিত অর্থনৈতিক অবরোধ’
তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদ কেন্দ্রের এই পদক্ষেপকে ‘বাংলার বিরুদ্ধে অঘোষিত অর্থনৈতিক অবরোধ’ বলে তোপ দাগেন। তাঁর অভিযোগ, “ওরা মুখে দুর্নীতির কথা বললেও আসল উদ্দেশ্য হল বাংলার মানুষকে ভাতে মারা। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও ওরা গায়ের জোরে টাকা আটকে রেখেছে।” তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছেন, কেন্দ্রের এই লিখিত স্বীকারোক্তিকে হাতিয়ার করে তারা ‘মানুষের আদালতে’ যাবে এবং আসন্ন বিধানসভা ভোটের আগে এই ইস্যুকে সামনে রেখে পথে নামার পরিকল্পনা করছে।
শীতকালীন অধিবেশনের মাঝে তৃণমূল সাংসদ বাপি হালদার অবিলম্বে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা এবং জল জীবন মিশনের বকেয়া ২ লক্ষ কোটি টাকা বাংলাকে দেওয়ার দাবি জানান।
বিজেপি-র পাল্টা: ‘চুরির হিসেব দিন’
অন্যদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা দাবি করেন, “বাংলার বরাদ্দ শূন্য হওয়াটাই স্বাভাবিক। কারণ, রাজ্য সরকার এই প্রকল্পের টাকা চুরি করেছে। হিসেব না-দিলে কেন্দ্র কেন জনগণের করের টাকা পাঠাবে? আগে চুরির হিসেব দিক, তারপর টাকার কথা বলবে।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির তরফে, বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়। যদিও তৃণমূলের দাবি, ২০২১ সালের ভোটে জিততে না পেরেই বিজেপি প্রতিশোধ নিচ্ছে এবং বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে। সবমিলিয়ে, লোকসভার এই তথ্য প্রকাশ হওয়ার পর MGNREGA প্রকল্পে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও চরম সীমায় পৌঁছল।