হরমুজ প্রণালিতে আটকে এলপিজি ট্যাঙ্কার! ইরান-ভারত জরুরি আলোচনায় বড় স্বস্তি

হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনার মাঝে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর নয়াদিল্লি। সূত্রের খবর, অঞ্চলটিতে অস্থিরতার জেরে ভারতের এলপিজি সরবরাহকারী অন্তত আটটি ট্যাঙ্কার আটকে পড়েছে। এই পরিস্থিতিতে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে ভারত।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এই বিষয়ে একাধিকবার জরুরি ভিত্তিতে কথা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ইরান এই প্রক্রিয়ায় যথেষ্ট সহযোগিতা করছে এবং ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক স্তরে কাজ চলছে। এছাড়া, ভারতে আটকা পড়া প্রায় ২৫০ জন ইরানি নাবিকের দেশে ফেরার বিষয়টিও আলোচনার কেন্দ্রে রয়েছে। ভারত তাদের আশ্রয়ের পাশাপাশি দ্রুত প্রত্যাবর্তনের বন্দোবস্ত করছে।
উল্লেখ্য, ভারতের এলপিজি চাহিদার প্রায় ৬০ থেকে ৬৭ শতাংশই আমদানিনির্ভর, যার সিংহভাগ উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালি হয়েই আসে। এই রুটে সামান্য বিঘ্ন ঘটলেই দেশে গ্যাসের বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সক্রিয় হয়েছে ভারতের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ’। কোনোভাবেই যাতে রান্নার গ্যাসের সরবরাহে টান না পড়ে, তার জন্য বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে যাতে দেশের অন্দরে জ্বালানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। ভারত সরকার পরিস্থিতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।