ট্রেন বাতিল নয়, যাত্রাপথ সংক্ষিপ্ত! ১ জুলাই হলদিয়াগামী যাত্রীদের জন্য রেলের গুরুত্বপূর্ণ নির্দেশিকা

রেলযাত্রীদের জন্য জরুরি ঘোষণা। আগামী ১ জুলাই হলদিয়া শাখার রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এই কাজের জেরে ওই নির্দিষ্ট দিনে ট্রেন চলাচলে বড়সড় রদবদল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এর ফলে ওইদিন যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারে।

মাঝপথেই থামবে যে ট্রেনগুলি:
রেলসূত্রে খবর, ১ জুলাই যে ট্রেনগুলি নির্দিষ্ট গন্তব্য হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক স্টেশনেই তাদের যাত্রা শেষ করবে, সেগুলি হলো:

৩৮০৫১ হাওড়া–হলদিয়া লোকাল: ট্রেনটি হলদিয়া পর্যন্ত যাবে না।

৩৮০৫৩ হাওড়া–হলদিয়া লোকাল: এই ট্রেনটির গন্তব্যও দুর্গাচক স্টেশনে সীমিত করা হয়েছে।

২২৩৩০ আসানসোল–হলদিয়া এক্সপ্রেস: এই এক্সপ্রেস ট্রেনটি হলদিয়া না গিয়ে দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে।

মাঝপথ থেকে যাত্রা শুরু করবে যে ট্রেনগুলি:
একইভাবে, দুর্গাচক বা তমলুক স্টেশন থেকে যাত্রার সূচনা করবে নিচের ট্রেনগুলি:

৩৮০৫২ হলদিয়া–হাওড়া লোকাল: হলদিয়ার বদলে দুর্গাচক স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে।

৩৮০৫৪ হলদিয়া–পাঁশকুড়া লোকাল: এটি হলদিয়া থেকে ছাড়বে না, দুর্গাচক স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

৩৮০৫৬ হলদিয়া–হাওড়া লোকাল: হলদিয়ার পরিবর্তে দুর্গাচক স্টেশন থেকেই এই ট্রেনটি ছড়বে।

২২৩২৯ হলদিয়া–আসানসোল এক্সপ্রেস: এটি হলদিয়া বা দুর্গাচক নয়, বরং তমলুক স্টেশন থেকে আসানসোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনের ফলে যাত্রীদের যেন কোনো বিভ্রান্তি না হয়, তাই রেলের হেল্পলাইন নম্বর অথবা নিকটবর্তী স্টেশনের এনাউন্সমেন্ট সিস্টেমের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেনযাত্রার আগে ট্রেনের বর্তমান সময়সূচি ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। ১ জুলাই যারা হলদিয়া রুটে যাতায়াত করবেন, তারা এই পরিবর্তিত তালিকাটি অবশ্যই অনুসরণ করুন।