স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে বাংলায়! SIR-এর জন্য বাধ্যতামূলক ১১টি নথির তালিকা প্রকাশ, দেখুন একনজরে

বিহারের পর এবার বাংলার পালা। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে চলতি মাসেই রাজ্যে শুরু হতে চলেছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত ভোটার, ঠিকানা বদল এবং একই সময়ে দু’জায়গায় নাম থাকা ভুয়ো ভোটারদের নাম বাতিলের কাজ জোরকদমে চলবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই SIR প্রক্রিয়ায় নাগরিকদের গণনা ফর্মের সঙ্গে ১১টি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যে কোনো একটি বা তার বেশি নথি জমা দিতে হবে। কমিশনের দাবি, এর ফলে বাংলায় একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে।

গণনা ফর্মের সঙ্গে জমা দিতে হবে যে ১১টি নথি
নাগরিকদের এন্যুম্যারেশন ফর্মের (Enumeration Form) সঙ্গে তাদের দাবির স্বপক্ষে নিম্নোক্ত নথি বা নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে:

১. পেনশন পেমেন্ট অর্ডার: কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।
২. ১৯৮৭ সালের পূর্বের পরিচয়পত্র: ০১.০৭.১৯৮৭ তারিখের আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা প্রদত্ত যেকোনো পরিচয়পত্র বা নথি।
৩. জন্মের শংসাপত্র (Birth Certificate): উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্মের শংসাপত্র।
৪. পাসপোর্ট।
৫. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র: কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অন্য শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬. স্থায়ী বাসস্থানের শংসাপত্র: রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭. বনভূমি অধিকার শংসাপত্র (Forest Land Rights Certificate)।
৮. জাতিগত শংসাপত্র: উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC), তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) বা অন্য কোনো জাতিগত শংসাপত্র।
৯. জাতীয় নাগরিক পঞ্জি (NRC): যাদের হয়েছে, তাদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জির নথি।
১০. পারিবারিক পঞ্জি: রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিবার পঞ্জি (Family Register)।
১১. জমি/বাড়ির দলিল: জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা দলিল।

কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ১১টির মধ্যে যে কোনো একটি বা দু’টি বা তার বেশি নথি দিয়ে গণনা ফর্ম পূরণ করতে হবে এবং তা ফর্মের সঙ্গে জমা দিতে হবে। বাংলার নির্বাচনী প্রক্রিয়াকে আরও ত্রুটিমুক্ত করতে এই নিবিড় সংশোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।