২২ কোটির মেগা চমক! মোদির জন্মদিনে জাদুকরী আলোয় সেজে উঠল হাওড়া ব্রিজ, রাতের কলকাতা দেখলে চোখ জুড়িয়ে যাবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের বিশেষ দিনে বর্ণিল আলোয় সেজে উঠল কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। গঙ্গার বুকে মাথা উঁচু করে থাকা এই ঐতিহাসিক সেতুতে এবার শুরু হলো চোখ ধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো। ২২ কোটি টাকার বেশি খরচ করে তৈরি এই অভিনব আলোকসজ্জা কলকাতার রাতের সৌন্দর্যকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে গেল।
ঐতিহাসিক এই সেতুটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চালু করা হয়েছে ‘ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন’ (Dynamic Architectural Illumination) প্রজেক্ট। প্রায় ২২ কোটি ৩৫ লক্ষ ৯০ হাজার টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হাওড়া ব্রিজের অবয়ব ফুটিয়ে তোলা। জিএসটি সহ এই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন করেছে এম/এস এম.এম. ব্রাদার্স নামক সংস্থা। লাইটিং ওইএম (OEM) হিসেবে রয়েছে হ্যাভলস লাইটিং (Havells Lighting) এবং প্রযুক্তিগত পরামর্শদাতা হিসেবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
নতুন এই আলোকসজ্জায় ব্রিজের নিচের অংশ থেকে শুরু করে ক্রাউন, পাইলন এবং পুরো কাঠামোর বিভিন্ন অংশে নিখুঁতভাবে বসানো হয়েছে মোট ৩,৮২৫টি লুমিনেয়ার। এর মধ্যে রয়েছে ১২০ ওয়াটের ৯০০টি লিনিয়ার লাইট, বিভিন্ন ক্ষমতার ফ্লাডলাইট এবং প্রোফাইল লাইট। এই সমস্ত আলোর মোট বিদ্যুৎ ক্ষমতা প্রায় ৩৮৫ কিলোওয়াট।
এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো সিঙ্ক্রোনাইজড সাউন্ড-সহ লাইট শো। সাধারণ মানুষ যাতে এই আলোর খেলা উপভোগ করতে পারেন, তার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট থিম ও মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে হাওড়া ব্রিজের আলোর রং ও নকশা বদলাতে দেখা যাবে।
শুধুমাত্র প্রতিদিনের সৌন্দর্যবর্ধনই নয়, বিশেষ জাতীয় দিবস এবং উৎসবের দিনগুলোতেও এই ব্রিজে থাকবে আলাদা থিম। দুর্গাপুজো, দীপাবলি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস কিংবা হোলির মতো উৎসবগুলোতে আলাদা থিমে সেজে উঠবে হাওড়া ব্রিজ। ফলে কলকাতার যোগাযোগের অন্যতম প্রধান এই সেতুটি এখন থেকে আলো, স্থাপত্য ও সুরের এক অপূর্ব ছন্দে রাতের শহরের নতুন ল্যান্ডমার্ক হিসেবে পর্যটকদের মন কাড়বে।