ইরানে যুদ্ধ শেষের পথে! ডোনাল্ড ট্রাম্পের মেগা দাবির পরই বিস্ফোরক মন্তব্য তেহরানের, চরম উত্তেজনা মধ্যপ্রাচ্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলা যুদ্ধ প্রায় শেষের পথে। মঙ্গলবার উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে চরম চাঞ্চল্য তৈরি করেছে। একইসঙ্গে পরমাণু ইস্যুতে রাষ্ট্রসংঘে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পেশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, যার পাল্টা কূটনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছে তেহরান।
এরই মধ্যে পবিত্র শহর মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার চেষ্টার ঘটনায় পরোক্ষভাবে তাদের পাশেই দাঁড়িয়েছে ইরান। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফাই দিয়ে জানিয়েছেন, শুধু একটি ড্রোন ধ্বংস হয়েছে বলেই কাউকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় এবং পবিত্র শহরগুলোকে রাজনৈতিক সংঘাতের মধ্যে টানা অনুচিত। এহেন পরিস্থিতিতে হুথিদের সম্ভাব্য বড় ধরনের আকাশপথের আক্রমণ রুখতে পাকিস্তান, ব্রিটেন, ফ্রান্স ও মিশরের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব—এমনটাই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
অন্যদিকে, কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে চিনের বেজিংয়ে বসেই পাক সেনাপ্রধান এবং তুরস্কের মন্ত্রীর সঙ্গে ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন ইরানের বিদেশমন্ত্রী। অন্যদিকে হরমুজ প্রণালীর বিকল্প পথ খোলা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে কাতার ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রাখছে ফ্রান্স। ইতিমধ্যে ইয়ানবুর পরিবর্তে উপসাগরীয় উপকূল দিয়ে তেল সরবরাহ করায় বিশ্ববাজারে জ্বালানির দামে খানিকটা স্বস্তি মিলেছে। তবে সুইডেনের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে এক সুইডিশ কূটনীতিককে বহিষ্কার করেছে তেহরান, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।