সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য পেমেন্ট টেনশন শেষ! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার বাম্পার ঘোষণা

রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল স্বস্তির খবর নিয়ে এল নবান্ন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (West Bengal Health Scheme) আওতায় চিকিৎসা পরিষেবায় এক বিরাট পরিবর্তন আনল রাজ্য অর্থ দফতর। এতদিন রাজ্য সরকারের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ইনডোর চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস সুবিধার সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত থাকলেও, তা বাড়িয়ে একলাফে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

অর্থ দফতরের মেডিক্যাল সেলের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ বা তার পরে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া সমস্ত সুবিধাভোগী এই বর্ধিত সীমার সুযোগ পাবেন। এর ফলে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসার খরচের জন্য আর কোনো বাড়তি বা আগাম টাকা জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। নির্দিষ্ট এই ক্যাশলেস সীমার মধ্যে হাসপাতালেই সরাসরি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে প্রকল্পের বাকি নিয়মকানুন এবং শর্তগুলি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার স্বাস্থ্য প্রকল্পের অধীনস্থ বিভিন্ন অনুমোদিত চিকিৎসার খরচ ও প্যাকেজের হার সংশোধন করেছে। সেই সংশোধিত কাঠামোর কথা মাথায় রেখেই ক্যাশলেস চিকিৎসার এই ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবার হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। এর আগে অন্তর্বর্তী বাজেটে এই সীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছিল, যা কার্যকর হওয়ায় উৎসবের মরসুমের ঠিক আগে বড় স্বস্তি পেলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী ও প্রবীণ পেনশনভোগীরা।

Aditi Banik
  • Aditi Banik