টিকিট বাতিলের চিন্তা শেষ, কনফার্ম টিকিটে তারিখ বদলানোর সুবিধা, জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধা বাড়াতে এবং টিকিট রিজার্ভেশন প্রক্রিয়াকে আরও সহজ করতে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। রিজার্ভেশনে জালিয়াতি রোধে আধার-লিঙ্ক ছাড়া IRCTC আইডি থেকে বুকিং বন্ধ করার পর, এবার রেলওয়ে কনফার্ম টিকিটের ভ্রমণের তারিখ পরিবর্তনের একটি বড় সুবিধা নিয়ে আসছে।

বাতিল ছাড়াই টিকিট রিশিডিউল:

রেলওয়ে কনফার্ম টিকিটকে রিশিডিউল (Reschedule) করার নতুন নিয়ম চালু করতে চলেছে। এই নিয়ম কার্যকর হলে, যদি কোনো যাত্রী তাঁর কনফার্ম টিকিটে ভ্রমণ করতে না পারেন, তবে তাঁকে টিকিট বাতিল করতে হবে না। বর্তমানে টিকিট বাতিল করলে যাত্রীকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং নতুন তারিখের জন্য টিকিট পেতেও ভোগান্তি পোহাতে হয়। নতুন নিয়মে যাত্রীরা অনলাইনে তাঁদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কনফার্ম টিকিট রিশিডিউল করলে টিকিট বাতিলের খরচ কমবে, যা যাত্রীর অর্থ সাশ্রয় করবে।

টাকা সাশ্রয়ের নতুন সুবিধা:

নতুন নিয়মে কনফার্ম টিকিট রিশিডিউলের জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না, যা ক্যানসেলেশন চার্জের হাত থেকে যাত্রীকে বাঁচাবে। বর্তমানে বিভিন্ন শ্রেণির টিকিটে ক্যানসেলেশনের জন্য ২৪০ টাকা (ফার্স্ট ক্লাস) থেকে শুরু করে ১২০ টাকা (স্লিপার ক্লাস) পর্যন্ত এবং সঙ্গে জিএসটি খরচ হয়। এই খরচ থেকে মুক্তি দেবে নতুন নিয়ম।

তবে, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে: তারিখ পরিবর্তনের পরে কনফার্ম টিকিটের আর গ্যারান্টি থাকবে না। রেলমন্ত্রী ব্যাখ্যা করেছেন—রিশিডিউল করা তারিখের ট্রেনে যদি সিট খালি থাকে, তবেই আপনি কনফার্ম টিকিট পাবেন। অন্যথায়, টিকিটটি ওয়েটিং লিস্টে চলে যেতে পারে।

ভাড়ার হেরফের হলে কী হবে?

  • ভাড়া কমলে: রাজধানী বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে সাধারণত ডায়নামিক ফেয়ার সিস্টেম থাকে। যদি ভ্রমণের তারিখ পিছিয়ে দেওয়ার কারণে টিকিটের ভাড়া বর্তমান ভাড়ার চেয়ে কম হয়, তাহলে রেলওয়ে সেই অতিরিক্ত টাকা যাত্রীকে ফেরত দেবে
  • ভাড়া বাড়লে: যদি রিশিডিউল করা তারিখের জন্য টিকিটের দাম বেশি হয়, তবে যাত্রীকে সেই অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে

এই নতুন ও যাত্রীবান্ধব সুবিধাটি ২০২৬ সালের জানুয়ারির প্রথম দিক থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।