সোশ্যাল মিডিয়ায় ২০ মিলিয়ন ফলোয়ার! সিজেপি-কে রাজনৈতিক দলের মর্যাদা দেওয়ার দাবি

প্রধান বিচারপতি সূর্যকান্তের বিতর্কিত মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় জন্ম নেওয়া অনলাইন গ্রুপ ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) এবার সরাসরি ভোটের ময়দানে নামার পথে। হরিয়ানার পানিপথের আইনজীবী সুধীর জাখর ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারার অধীনে সিজেপি-কে একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। নিজেকে দলটির জাতীয় আহ্বায়ক হিসেবে ঘোষণা করে তিনি জানিয়েছেন, জনগণের দাবি ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখাই এই দলের মূল লক্ষ্য।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইনস্টাগ্রামে ২০ মিলিয়নেরও বেশি ফলোয়ার পেয়ে সিজেপি এখন ডিজিটাল জগতে এক বড় শক্তি। জাখরের মতে, বর্তমান পরিস্থিতিতে যখন জনমানসে ক্ষোভ বাড়ছে, তখন সিজেপি-কে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। তিনি স্পষ্ট করেছেন যে, দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বর্তমানে বিদেশে থাকায় এবং তাঁর ফেরার সময় অনিশ্চিত হওয়ায়, দায়িত্ব বুঝে নিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

জাখরের দাবি, সিজেপি ভারতীয় সংবিধানের সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের কাঠামোর মধ্যে থেকে কাজ করবে। কোনো প্রকার বৈষম্য ছাড়াই শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংস্কারই হবে তাদের মূল এজেন্ডা। উল্লেখ্য, আইনজীবী সুধীর জাখর অতীতে ছাত্রনেতা ছিলেন এবং কৃষি আইন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে মামলার সম্মুখীন হয়েছিলেন। এখন নির্বাচন কমিশনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে সিজেপি। সব নথিপত্র প্রস্তুত রয়েছে এবং নির্দেশনা পাওয়া মাত্রই তা জমা দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু হওয়া এই ‘তেলাপোকা’ বিপ্লব ভারতের মূলধারার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy