সোনার দামে বড় পতন, মলমাসে বিনিয়োগের সুবর্ণ সুযোগ বলছে বিশেষজ্ঞরা

ভাদ্র মাসের শুরু থেকেই সোনা ও রুপোর দামে বড় ধরনের পতন দেখা গেছে। গত ১৮ই আগস্ট বাজার খোলার পর থেকেই সোনার দাম নিম্নমুখী। এই সময়ে মলমাস চলার কারণে সাধারণত সোনা বা গহনার চাহিদা কম থাকে, যার ফলে দামও কমে আসে। এই পরিস্থিতিকে বিনিয়োগের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন বহু ক্রেতা।
আজ, ২০ই আগস্ট, কলকাতায় সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে, ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১,০০,১৫০ টাকা, যা গতকালের তুলনায় অনেকটাই কম। একইভাবে, ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯১,৮০০ টাকাতে নেমে এসেছে। এই দামের সাথে জিএসটি যুক্ত হবে।
যারা কম দামে সোনা কিনতে চান, তাদের জন্য ১৮ ক্যারেট সোনা একটি ভালো বিকল্প হতে পারে। বর্তমানে ১৮ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৫,১১০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা হ্রাস পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এবং মার্কিন-চীন বাণিজ্য শুল্ক যুদ্ধবিরতির মতো ঘটনা সোনার দামের পতনে প্রভাব ফেলেছে।
ভবিষ্যতে সোনার দামের প্রবণতা কেমন থাকবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন যে সেপ্টেম্বরে সোনার দাম আরও কিছুটা কমতে পারে। তাই যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে।