শংকর আঢ্যের ভাইয়ের কীর্তি! ক্যাশবাক্স ভেঙে টাকা লুঠ, মারধরের অভিযোগে গ্রেফতার মলয়

বনগাঁর মতিগঞ্জ বাজারের এক নামী হোটেলে তাণ্ডব ও লক্ষাধিক টাকা লুঠের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা মলয় আঢ্যকে। তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা প্রভাবশালী নেতা শংকর আঢ্যের ভাই। মঙ্গলবার গভীর রাতে শিমুলতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। বুধবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

ঘটনার সূত্রপাত গত রবিবার গভীর রাতে। স্থানীয় ব্যবসায়ী নিতাই দাসের মালিকানাধীন হোটেল ও পানশালায় আচমকাই চড়াও হয় মলয় আঢ্য ও তাঁর দলবল। অভিযোগ, হোটেলের কর্মীদের বেধড়ক মারধর করা হয় এবং ব্যবসায়ী নিতাই দাসের ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। এখানেই শেষ নয়, হোটেলের ক্যাশবাক্স থেকে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা লুঠ করে অভিযুক্তরা চম্পট দেয় বলে দাবি পরিবারের।

সোমবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর মেয়ে তপশ্রী দাস। সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তপশ্রী অভিযোগ করে বলেন, “গত ৩০ বছর ধরে বাবা সততার সঙ্গে ব্যবসা করছেন। পরিকল্পিতভাবে আমাদের হোটেলে হামলা চালানো হয়েছে। আমার ভাইকে মারধর করা হয়েছে এবং লক্ষাধিক টাকা লুঠ করা হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।”

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ সূত্রে খবর, ফুটেজে মলয় আঢ্যের উপস্থিতির স্পষ্ট প্রমাণ মিলেছে। এরপরই মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বনগাঁ পুলিশ জেলার এক পদস্থ আধিকারিক জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, মলয় আঢ্যের দাদা শংকর আঢ্য অতীতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে মুক্ত। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে শংকরের কন্যা ঋতুপর্ণা আঢ্য পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থীর কাছে। এই পরিস্থিতিতে মলয় আঢ্যের গ্রেফতারি তৃণমূল কংগ্রেসের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ধৃত নেতা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমেই পুরো ঘটনার মোটিভ ও নেপথ্যে থাকা ব্যক্তিদের নাম জানা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে। আপাতত গোটা বনগাঁ শহর জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।