সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মুম্বাইয়ে গ্রেফতার ২৯ বছরের নৃত্যশিল্পী, ঘটনা গোরেগাঁওয়ের বিলাসবহুল ভিলায়

মুম্বাই ডান্স ফ্লোর থেকে সোজা গারদ: সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে মালিয়াডের আশুতোষ মোহান্তি গ্রেফতার
মুম্বাই: সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ২৯ বছর বয়সী এক পুরুষ নৃত্যশিল্পীকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের আরে (Aarey) পুলিশ। ধৃতের নাম আশুতোষ মোহান্তি, যিনি মালিয়াড পশ্চিমের বাসিন্দা। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ১৭ মার্চ, ২০২৫ তারিখে গোরেগাঁও পশ্চিমের আরে কলোনির রয়্যাল পামস-এর একটি ভিলায় ঘটেছিল। ভুক্তভোগী ৩১ বছর বয়সী মহিলাও একই নাচের পেশার সঙ্গে যুক্ত এবং তারা একে অপরের পরিচিত ছিলেন। অভিযুক্ত ওড়িশার বাসিন্দা, আর ভুক্তভোগী মেঘালয়ের।
তারা এর আগে একসাথে কাজ করেছেন এবং পারফর্ম করার জন্য গোয়াও গিয়েছিলেন। মুম্বাই ফেরার পর, মহিলা নৃত্য শেখার জন্য আশুতোষের সাথে যোগাযোগ করেন। অনুশীলনের জন্য একটি ভিলা ভাড়া করার পর সেখানে সাঁতার ও নাচের অনুশীলন হয়। এরপর তারা একসাথে খাবার অর্ডার করেন, মদ ও সিগারেট খান। অভিযোগ, এরপরই অভিযুক্ত মহিলা সহকর্মীকে যৌন নির্যাতন করে।
গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহিলাটি আরে পুলিশের কাছে সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে সঙ্গেই মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।