সঙ্কটে পুরসভা? ‘৪০ হাজার কর্মীর ঘাটতি’, ‘অবৈধ নির্মাণকে শিল্পের জায়গায় নিয়ে গেছে তৃণমূল’, সজল ঘোষের মারাত্মক অভিযোগ

কলকাতা পুরসভার সার্বিক ব্যর্থতা এবং আর্থিক দুরবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। শুক্রবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, কলকাতা পুরসভা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, “এর পরে যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে পুরসভার লোকেদের আর মাইনে হবে না।”
তাঁর দাবি, বর্তমানে কলকাতা পুরসভায় ৪০ হাজার কর্মীর ঘাটতি রয়েছে, যা পরিষেবাকে আরও ব্যাহত করছে।
অবৈধ নির্মাণ ‘শিল্পের জায়গায়’, বহিরাগত হকারদের ভিড়
সজল ঘোষ তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন। তাঁর মতে, রাজ্য সরকার অবৈধ বাড়ি নির্মাণকে একটি শিল্পের জায়গায় নিয়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি গুলশান কলোনির কথা উল্লেখ করেন, যেখানে ১৩৫টি অবৈধ নির্মাণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়াও, শহরের হকার সমস্যা নিয়েও তিনি পুরসভার ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন,
“শিয়ালদহ এবং বড় বাজার সংলগ্ন সমস্ত হকাররা যারা যত্রতত্র বসে আছে, তারা কেউ কলকাতা বা শহরতলীর বাসিন্দা নয়।”
তাঁর অভিযোগ, “কলকাতায় হকার নিয়ন্ত্রণের কোনো নিয়ম নেই।”
শেষে তিনি স্পষ্ট জানান, “পৌর প্রশাসন সব ক্ষেত্রেই ব্যর্থ।”
পুরসভার কর্মী ঘাটতি, অবৈধ নির্মাণে শাসকদলের মদত এবং হকার সমস্যা— এই তিনটি বড় ইস্যুতে সজল ঘোষের এই আক্রমণ আসন্ন সময়ে কলকাতা পুরনিগমকে আরও প্রশ্নের মুখে ফেলতে পারে।