বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট, গ্রেফতার ২৯

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সুযোগ নিয়ে চাঞ্চল্যকর অপরাধমূলক কাজকর্মের ঘটনা সামনে এসেছে। একদিকে যখন সর্বগ্রাসী জলের তোড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন, ঠিক তখনই বন্যার স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগে মোট ২৯ জনকে আটক করেছে পুলিশ। রাসুয়া জেলার ভোতেকোশি এলাকায় জলের তোড়ে ব্যাংক থেকে লকারটি ভেসে যায় এবং বহু দূরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এসে আটকে পড়ে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি সেই লকারটি জোর করে ভেঙে ভেতরের টাকা হাতিয়ে নিয়েছে—এমন গোপন খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। প্রাথমিক তল্লাশি চালিয়ে এই ঘটনায় মোট ২৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। ধৃতদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে, যাদের বেশিরভাগই স্থানীয় গালছি এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া টাকার প্রকৃত মালিকানা ও এই কাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুধু তাই নয়, বন্যার মধ্যে আরও এক অমানবিক ও শিহরণ জাগানো চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। নারায়ণী নদীতে বন্যার জলে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে অত্যন্ত নির্মমভাবে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিওর সত্যতা যাচাই করে এই লজ্জাজনক ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তীব্র বন্যায় বিপর্যস্ত নেপালে সামগ্রিক প্রাণহানির সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শনিবারের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ জন বলে জানানো হয়েছিল। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই অপরিবর্তিত রয়েছে। বিপর্যয়ের তিন দিন পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন দুর্গম এলাকায় এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, ফলে হতাহতের এই পরিসংখ্যান আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।