সকালের এই ৩ ভুলেই বাড়ছে সুগার! মেদ কমাতে চাইলে এখনই বদলান সকালের অভ্যাস

অনেকেই অভিযোগ করেন, নিয়ম মেনে ডায়েট ও শরীরচর্চা করার পরেও ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকছে না, পেটের মেদ কমছে না কিংবা রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সব সমস্যার মূলে রয়েছে আমাদের সকালের ভুল অভ্যাস। সুস্থ জীবনের চাবিকাঠি হলো সকালের শুরুটা কীভাবে হচ্ছে তার ওপর।

আমাদের শরীরে কর্টিসল নামক একটি ‘স্ট্রেস হরমোন’ থাকে। সাধারণত সকাল ৬টা থেকে ৮টার মধ্যে এটি প্রাকৃতিকভাবে সামান্য বৃদ্ধি পায়, যাকে বলা হয় ‘কর্টিসল অ্যাওয়েকেনিং রেসপন্স’ (CAR), যা আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে সাহায্য করে। কিন্তু সকালের কয়েকটি ভুলের কারণে এই হরমোন অস্বাভাবিক বেড়ে যায়, যা শরীরের জন্য ডেকে আনে বিপদ। রক্তে কর্টিসল বাড়লে শরীর মনে করে কোনো বিপদে আছে, তাই লিভার রক্তে অতিরিক্ত শর্করা বা সুগার ছেড়ে দেয়। ফলে খালি পেটেই সুগার বেড়ে যায়। এছাড়াও কর্টিসল পেটের মেদ বৃদ্ধিতে সাহায্য করে এবং ঘুমের হরমোন মেলাটোনিনকে বাধা দেয়, ফলে অনিদ্রার সমস্যা দেখা দেয়।

সকালে যে ৩টি ভুল আমরা রোজ করছি:

১. ঘুম থেকে উঠেই ফোন ও নিউজ: অ্যালার্ম বন্ধ করেই হোয়াটসঅ্যাপ, কাজের ইমেল বা সোশ্যাল মিডিয়ার নেগেটিভ খবর দেখা। এতে মস্তিষ্ক তৎক্ষণাৎ ‘ফাইট অর ফ্লাইট’ মোডে চলে যায় এবং শরীরে কর্টিসলের মাত্রা প্রায় ৫০% বৃদ্ধি পায়।
২. খালি পেটে চা-কফি ও বিস্কুট: সারারাত শরীরে জল থাকে না, ফলে শরীর ডিহাইড্রেটেড থাকে। এই সময় ক্যাফেইন এবং চিনি গ্রহণ করলে ব্লাড সুগার হঠাৎ লাফিয়ে ওঠে, যা শরীরকে বাড়তি চাপে ফেলে।
৩. সূর্যের আলো না পাওয়া ও তাড়াহুড়ো: ঘুম থেকে উঠেই অন্ধকার ঘরে ফোন ঘাঁটা এবং তাড়াহুড়ো করে বের হওয়া শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে (Circadian Rhythm) নষ্ট করে দেয়। “দেরি হয়ে যাচ্ছে”—এই টেনশন সরাসরি কর্টিসল বাড়িয়ে দেয়।

সকালটা যেভাবে শুরু করবেন:

খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমেই আপনি সুস্থতা বজায় রাখতে পারেন। প্রথমত, ঘুম থেকে ওঠার প্রথম ১০ মিনিট ফোন একদম স্পর্শ করবেন না। জানলার কাছে গিয়ে ৫ মিনিট সূর্যের আলো গায়ে লাগান, যা আপনার শরীরের ঘড়িকে ঠিক করবে। এরপর ১ গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন। চা বা কফি খাওয়ার আগে পেটে কিছু প্রোটিন জাতীয় খাবার যেমন—২টো সেদ্ধ ডিম, এক মুঠো বাদাম বা টক দই রাখুন। খালি পেটে সরাসরি শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলুন। অফিসের তাড়া থাকলেও নিজেকে বোঝান সব ঠিক আছে এবং ৩টি গভীর শ্বাস নিন। মনে রাখবেন, আপনার প্রথম কাপ চা এবং প্রথম নোটিফিকেশনই নির্ধারণ করে দেয় আপনার সারাদিনের কর্টিসল লেভেল। ওজন কমাতে বা সুগার বশে রাখতে খাবারের পাশাপাশি সকালের স্ট্রেস নিয়ন্ত্রণ করা সমান জরুরি।