ইথানল পেট্রোলে আকৃষ্ট হচ্ছে পিঁপড়েরা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর সত্যতা ফাঁস করল বিপিএল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির ফুয়েল ফিলার ক্যাপের চারপাশে পিঁপড়ের মেলা। ভিডিওটির দাবি, E20 (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল ব্যবহারের কারণেই এমনটা হচ্ছে। এই দাবি মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গাড়ি মালিকদের মধ্যে। তবে এই বিভ্রান্তি কাটাতে আসরে নেমেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)।
বিপিসিএল স্পষ্টভাবে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বৈজ্ঞানিকভাবে ভুল। সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, পেট্রোলের সঙ্গে মেশানোর আগে ইথানলকে ফার্মেন্টেশন এবং ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় ইথানল থেকে চিনির মতো সব উপাদান অপসারিত হয়, যা পিঁপড়েকে আকৃষ্ট করতে পারে। এছাড়া, জ্বালানিতে ব্যবহৃত ইথানল ‘ডিনেচার্ড’ বা প্রক্রিয়াজাত করা হয়, যার কটু গন্ধ কীটপতঙ্গকে দূরে রাখে।
ইথানল মিশ্রিত এই E20 জ্বালানি আসলে দেশের আমদানি খরচ কমানো এবং দূষণ রোধের একটি পরিবেশবান্ধব উদ্যোগ। এর গন্ধ বা গুণগত মানের সঙ্গে পিঁপড়ে আসার কোনো বৈজ্ঞানিক যোগসূত্র নেই। সংস্থাটি আরও জানিয়েছে, আধুনিক গাড়িগুলো E20 জ্বালানির জন্য প্রস্তুত করেই তৈরি করা হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তি ও বিজ্ঞানের নিরিখে এই দাবিটি কেবল একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়।