সীমান্ত সুরক্ষা থেকে ড্রাগস বিরোধী অভিযান! দিল্লির নর্থ ব্লকে শক্তিশালী ভারত-মার্কিন সম্পর্কের মহড়া

বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সারজিলিও গোর। ফ্রান্সের এভিয়ান-লে-বেঁস-এ অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ঠিক পরেই এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন এবং মাদক পাচার প্রতিরোধ।

বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রদূত গোর জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নীতিনির্ধারণী বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করতে আমেরিকা ও ভারত যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তা এই আলোচনায় স্পষ্ট। এছাড়া, উভয় দেশের অপরাধীদের দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য আদান-প্রদান এবং সহযোগিতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত সফল দ্বিপাক্ষিক বৈঠকের রেশ এখনও কাটেনি। বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দুই রাষ্ট্রনেতার যে প্রতিশ্রুতি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠক তারই একটি বাস্তব রূপায়ণ। ভারত ও আমেরিকার মধ্যে এই ক্রমবর্ধমান কৌশলগত মিত্রতা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।