রেল টিকিট বুকিংয়ে বড় বদল! IRCTC-র নতুন ওয়েবসাইটের সুবিধাগুলো জানলে চমকে যাবেন

রেল যাত্রীদের জন্য সুখবর! টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও দ্রুত এবং ঝামেলামুক্ত করতে আইআরসিটিসি (IRCTC) নিয়ে এল তাদের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট। বর্তমানে এটি ‘বিটা’ (Beta) পর্যায়ে থাকলেও, নতুন লুক এবং উন্নত ফিচারের কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পুরনো আইডিতেই কাজ হবে? অনেকের মনেই প্রশ্ন ছিল, নতুন সাইটের জন্য কি আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে? রেল সূত্রে জানা গেছে, এর কোনো প্রয়োজন নেই। যাত্রীরা তাঁদের বর্তমান আইআরসিটিসি অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই এই নতুন পোর্টালে লগইন করতে পারবেন। ফলে নতুন করে ঝামেলা পোহানোর ভয় নেই।
নতুন পোর্টালে ৪টি বড় পরিবর্তন: ১. ক্যাপচার মুক্তি: টিকিট বুকিংয়ের সময় সেই বিরক্তিকর ক্যাপচা (Captcha) কোড আর থাকবে না। পপ-আপ বা অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সরিয়ে সাইটটিকে আরও পরিষ্কার করা হয়েছে। ২. সহজ ইন্টারফেস: নতুন কালার থিম এবং পরিচ্ছন্ন ইউজার ইন্টারফেস টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাকে অনেকটাই আনন্দদায়ক করে তুলেছে। ৩. দ্রুত চেকআউট: টিকিট বুকিংয়ের ধাপগুলো কমিয়ে আনা হয়েছে। ফলে আগের চেয়ে অনেক কম সময়ে টিকিট কনফার্ম করা সম্ভব হবে। ৪. সঞ্চয় ও বুকিং: যাত্রীদের তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকার ফলে পুনরায় টিকিট বুকিং করা এখন অনেক সহজ। এছাড়া প্রতিটি শ্রেণিতেই (Class) আসনের প্রাপ্যতা এক নিমেষে দেখা যাচ্ছে।
নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS): রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ওয়েবসাইটটি আরও উন্নত প্যাসেঞ্জার রিজার্ভেশন সার্ভিসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে সার্ভারের ওপর চাপ বাড়লেও ওয়েবসাইটটি ধীরগতির হবে না, অর্থাৎ ‘ট্রাফিক’ বেশি থাকলেও অনায়াসেই টিকিট বুক করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন এই নতুন ওয়েবসাইট? আপনি সরাসরি এই লিঙ্কে (https://www.irctc.co.in/eticket/) গিয়ে নতুন ওয়েবসাইটের অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া পুরনো আইআরসিটিসি ওয়েবসাইটের হোমপেজেও নতুন বিটা ভার্সনের লিঙ্ক দেওয়া থাকবে।
আপনার মতামত জানান: রেল মন্ত্রক জানিয়েছে, এটি মূলত একটি পরীক্ষামূলক সংস্করণ। ব্যবহারকারীদের ফিডব্যাক বা মতামতের ভিত্তিতে এতে আরও প্রয়োজনীয় বদল আনা হবে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।