রেলের টিকিটে বড় বদল! মান্থলি কাটতে গিয়ে হয়রান যাত্রীরা, সমাধান মিলবে কোন নতুন অ্যাপে?

বছরের শুরুতেই রেলযাত্রীদের জন্য বড় খবর। লোকাল ট্রেনের মান্থলি বা মাসিক টিকিট কাটতে গিয়ে নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা? জনপ্রিয় ‘UTS’ অ্যাপে আর মিলছে না মান্থলির সুবিধা। আসলে ভারতীয় রেল তাদের টিকিট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে। ‘UTS’ অ্যাপকে সরিয়ে এবার সব সুবিধা এক ছাদের তলায় আনতে চালু হয়েছে নতুন অ্যাপ ‘RailOne’ (রেলওয়ান)।

রেল সূত্রে খবর, এখন থেকে প্ল্যাটফর্ম টিকিট, সংরক্ষিত এবং অসংরক্ষিত— সব ধরনের টিকিটই মিলবে এই একটি অ্যাপে। শুধু টিকিট নয়, ট্রেনের সময়সূচি দেখা থেকে শুরু করে পিএনআর স্ট্যাটাস চেক এবং অনলাইনে খাবার অর্ডার করার সুবিধাও থাকছে ‘রেলওয়ান’-এ। রেলমন্ত্রক জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে ‘UTS’ অ্যাপে সাধারণ ডেইলি টিকিট কাটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে মান্থলির মতো দৈনিক টিকিটের জন্যও যাত্রীদের বাধ্যতামূলকভাবে এই নতুন অ্যাপে চলে আসতে হবে। প্রযুক্তিগত স্থানান্তরের কারণেই আপাতত পুরনো অ্যাপে মান্থলি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।