রাম মন্দিরের অনুদানে বিশাল দুর্নীতি? আজই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মেগা শুনানি!

অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ ও উন্নয়নের জন্য দেশ-বিদেশের অগণিত ভক্ত কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। কিন্তু সেই পবিত্র অনুদানের তহবিলেই এবার উঠল পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ। রাম মন্দিরের অনুদান আত্মসাৎ এবং আর্থিক তছরুপের অভিযোগ সংক্রান্ত জোড়া জনস্বার্থ মামলার আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ আজ এই হাই-প্রোফাইল মামলাটির শুনানি করবে। অভিযোগের তীব্রতা এবং দেশবাসীর আবেগের কথা মাথায় রেখে এই মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। শীর্ষ আদালতে দায়ের হওয়া আবেদনগুলিতে দাবি করা হয়েছে, রাম মন্দিরের নামে সংগৃহীত বিপুল পরিমাণ তহবিলের ব্যাপক অপব্যবহার ও আত্মসাৎ করা হয়েছে। এর পেছনের সত্য উদ্ঘাটন করতে সিবিআই (CBI) অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) দিয়ে একটি নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরক জনস্বার্থ মামলাগুলি দায়ের করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ সুধাকর সিং এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অজয় ​​কুমার রায় ও দীনেশ কুমার যাদব। আবেদনকারীদের অভিযোগ, ভক্তদের আবেগকে কাজে লাগিয়ে যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল, তার কোনো স্বচ্ছ হিসাব নেই এবং একটি বড় অংশ বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় তদন্তের নির্দেশ দেয় কি না, সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।