রাজ্য পুলিশে বড় রদবদল, সিআইডি প্রধান পদে বড় পরিবর্তন, এক ধাক্কায় সরলেন ৩৩ কর্তা

রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। মঙ্গলবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা নির্দেশিকায় ৩৩ জন উচ্চপদস্থ আইপিএস (IPS) এবং রাজ্য পুলিশ সার্ভিস (WBPS) আধিকারিককে বদলি করা হয়েছে। এই রদবদল প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিআইডি-র এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকার। এতদিন তিনি রাজ্যের গোয়েন্দা প্রধানের দায়িত্বের পাশাপাশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)-এর অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। তাঁকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ এডিজি (টেলিকম)-এ পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন নটরাজন রমেশবাবু। কারাদফতরের ডিজি পদে থাকা রমেশবাবুকে সিআইডি-র ডিজি এবং আইজিপি করা হয়েছে। তবে তিনি আগের মতো কারাদফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আইবি-র নতুন এডিজি এবং আইজিপি করা হয়েছে বিশাল গর্গকে, যিনি এতদিন পশ্চিমাঞ্চলের এডিজি ছিলেন। পশ্চিমাঞ্চলের নতুন এডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দ কুমার। এছাড়া বিধাননগর পুলিশ কমিশনারেটের শীর্ষ পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান কমিশনার ত্রিপুরারি অথর্বকে ট্রাফিক ও সড়ক নিরাপত্তা বিভাগের এডিজি পদে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্থলে বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন রায়গঞ্জ রেঞ্জের প্রাক্তন ডিআইজি রাঠোড় অমিতকুমার ভরত।

অন্যান্য গুরুত্বপূর্ণ রদবদলের মধ্যে উত্তরবঙ্গের এডিজি ও আইজিপি কে জয়রামনকে ইকোনমিক অফেন্সেস ডিরেক্টরেটের ডিরেক্টর করা হয়েছে। এসটিএফ-এর আইজিপি প্রবীণ কুমার ত্রিপাঠিকে হোম গার্ডের নতুন আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিসিডাব্লু-র আইজিপি সুকেশ কুমার জৈন এখন উত্তরবঙ্গ রেঞ্জের আইজিপি হিসেবে কাজ করবেন। কলকাতা পুলিশ ও জেলা স্তরেও একাধিক পরিবর্তন হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (ডিডি) ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে দার্জিলিঙের পুলিশ সুপার করা হয়েছে এবং প্রতীক্ষা ঝারখারিয়াকে কলকাতা পুলিশের কেএপি ফার্স্ট ব্যাটালিয়নের ডিসি পদে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জিতেন্দ্র রায়ের স্বাক্ষরিত এই নির্দেশিকা অনুযায়ী, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং পুলিশি ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করতেই এই রুটিন বদলি। নির্দেশিকা জারির পর দ্রুত সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র আইপিএসদের পাশাপাশি পিনাকী দত্ত, সৌমিক সেনগুপ্ত, অতীশ বিশ্বাস, শ্যামল কুমার মণ্ডল এবং অগ্নীশ্বর চৌধুরীর মতো রাজ্য পুলিশ সার্ভিসের বেশ কয়েকজন আধিকারিককেও বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনে এটি অন্যতম বড় প্রশাসনিক পদক্ষেপ।