রাজনৈতিক উত্তাপ নবদ্বীপে, বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নদিয়ার নবদ্বীপে প্রকাশ্যে এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। অভিযোগ উঠেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজনৈতিক বিবাদের জেরে তাঁকে খুন করেছে।
যেভাবে ঘটল হত্যাকাণ্ড
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক। বাড়ির কাছে কিছু যুবকের মধ্যে বচসা দেখে তিনি তা থামাতে যান। তখনই ওই যুবকেরা উল্টো তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধর শুরু করে। কোনওমতে সঞ্জয় বাড়ির ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে আবারও তাঁকে নির্মমভাবে পেটায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তৃণমূলের দিকে অভিযোগ
পরিবারের অভিযোগ, এই হামলায় জড়িত যুবকেরা সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত। তাদের দাবি, “রাজনৈতিক কারণেই পরিকল্পনা করে সঞ্জয়কে খুন করা হয়েছে।” এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করলেও, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সঞ্জয় ভৌমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।