রবীন্দ্র সরোবরের হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ! পাশে মিলল সুইসাইড নোট, কেন ঘটল এমন ঘটনা?

কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আর্যভট্ট ভাওয়াল। হোটেলের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
কীভাবে ঘটল ঘটনা?
জানা গিয়েছে, আর্যভট্ট ভাওয়াল বেশ কয়েকদিন ধরে রবীন্দ্র সরোবরের ওই হোটেলে এসে উঠেছিলেন। হোটেল কর্মীদের কাছ থেকে জানা যায়, প্রায়শই তাঁর হোটেল রুমে ফোনে কোনো বিষয়ে ঝামেলা বা কথা কাটাকাটির আভাস পাওয়া যেত।
বুধবার থেকে তাঁর ঘর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে হোটেলের কর্মীরা সন্দেহবশত দরজা খোলেন। তখনই তাঁরা আর্যভট্ট ভাওয়ালের মৃতদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
রবীন্দ্র সরোবর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং হোটেলের ঘরটি সিল করে দেয়। সুইসাইড নোটে কী লেখা আছে এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।