“রক্ত পরীক্ষা মাত্র ৭ টাকায়!”-গরিবের মসিহা হয়ে এবার ৫টি হাসপাতাল খুলছেন ‘খান স্যার’

শিক্ষার জগতে বিপ্লব ঘটানোর পর এবার স্বাস্থ্য পরিষেবায় এক অবিশ্বাস্য পরিবর্তনের ডাক দিলেন বিহারের জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি কোটি কোটি ছাত্রছাত্রীর কাছে প্রিয় ‘খান স্যার’। পাটনায় তিনি গড়ে তুলছেন এমন এক হাসপাতাল চেইন, যেখানে চিকিৎসার খরচ শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। বেসরকারি হাসপাতালের পাহাড়প্রমাণ বিল মেটাতে গিয়ে যাঁদের জমি বিক্রি করতে হয় বা চড়া সুদে ঋণ নিতে হয়, তাঁদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ খান স্যারের।

খান স্যারের এই হাসপাতালের রেট চার্ট দেখলে মাথা ঘুরে যাবে তথাকথিত বড় হাসপাতালগুলির। যেখানে রক্ত পরীক্ষা করতে কয়েকশো টাকা লাগে, সেখানে খান স্যারের হাসপাতালে খরচ হবে মাত্র ৭-৮ টাকা! ইসিজি (ECG) করা যাবে মাত্র ২৫ টাকায়, এক্স-রে ৩৫ টাকায় আর সম্পূর্ণ শরীর পরীক্ষা বা ফুল বডি চেকআপ মিলবে মাত্র এক হাজার টাকার মধ্যে। আশ্চর্যের বিষয় হলো, এই রেট চার্ট চূড়ান্ত করছেন স্বয়ং খান স্যারের মা। এমনকি কোনও চিকিৎসকের বেতন বেশি মনে হলে তাও পুনর্বিবেচনা করছেন তিনি। খান স্যারের কথায়, “কত আয় করলাম তাতে গর্ব নেই, সমাজকে কী দিলাম সেটাই আসল।”

এত কম খরচে আধুনিক পরিষেবা দেওয়ার জন্য খান স্যার হাতিয়ার করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-কে। তাঁর দাবি, AI চালিত মেশিনে রোগ নির্ণয় করলে যেমন নির্ভুল হবে, তেমনই খরচ কমবে কয়েক গুণ। যেখানে এমআরআই (MRI) করতে সাত হাজার টাকা লাগে, সেখানে প্রাথমিক এআই স্ক্রিনিং হবে মাত্র এক হাজার টাকায়। কিন্তু হাসপাতাল চালানোর খরচ উঠবে কীভাবে? খান স্যারের ফর্মুলা পরিষ্কার— “যদি কেউ মার্সিডিজ চেপে চিকিৎসা করতে আসেন, তাঁর থেকে ৮ লক্ষ টাকা নিতেও আমার আপত্তি নেই। সেই টাকা খরচ করা হবে ওই অটো করে আসা মানুষটির জন্য, যাঁর পকেটে ওষুধের টাকা নেই।”

বর্তমানে নিউরোলজি, কার্ডিওলজি, ক্যান্সার ও কিডনির চিকিৎসার জন্য পাঁচটি আলাদা হাসপাতাল তৈরি করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে গিয়ে নাজেহাল দশা হলেও পিছিয়ে আসতে নারাজ তিনি। রাজনীতির ময়দানে নামার গুঞ্জন উড়িয়ে দিয়ে খান স্যার সাফ জানিয়েছেন, তিনি রাজনীতি পড়ান কিন্তু করার সময় তাঁর নেই। আগামী মাসেই উদ্বোধন হতে চলা এই হাসপাতালগুলি ভারতের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy