উত্তরপ্রদেশের মোরাদাবাদের সিভিল লাইন্স এলাকার ফকিরপুরায় জমি নিয়ে পারিবারিক বিবাদ এক বীভৎস রূপ নিল। মাত্র কয়েক বিঘা পৈতৃক জমির লোভে নিজের সহোদর দাদাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্ত্রী ও বৃদ্ধা মা-ও গুরুতর জখম হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শিউরে উঠছে নেটপাড়া।
কী ঘটেছিল সেই অভিশপ্ত দিনে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫৫ বছর বয়সী কৃষক সুরেশ যখন নিজের জমিতে গম কাটছিলেন, ঠিক তখনই তাঁর ভাই বিজয়, দুই ভাইপো রঞ্জিত ও সুরজিৎ এবং জা মঞ্জু সল্টবল নিয়ে সেখানে চড়াও হন। তাঁদের হাতে ছিল লাঠি ও ধারালো অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই সুরেশকে ঘিরে ধরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে অভিযুক্তরা। সুরেশ মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি আক্রমণ।
বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলারাও:
স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী অনিতা এবং সুরেশের বৃদ্ধা মা ময়না দেবী। অভিযোগ, হামলাকারীরা তাঁদেরও রেয়াত করেনি। দুই মহিলাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তাঁরা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছেন সুরেশ এবং চারদিকে কান্নার আর্তনাদ।
বিবাদের উৎস ১০ বিঘা জমি:
প্রাথমিক তদন্তে জানা গেছে, দাদামশায়ের দেওয়া প্রায় ১০ বিঘা পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। বাবা রামপাল জমি ভাগ করে দিলেও বিজয়ের নজর ছিল সুরেশের অংশের ওপর। সেই দখলদারি নিয়েই এদিন কথা কাটাকাটি চরমে পৌঁছালে শুরু হয় রক্তগঙ্গা।
পুলিশি তৎপরতা:
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সিটি এসপি কুমার রণবিজয় সিং জানিয়েছেন, খুনের মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তিন মহিলা-সহ পাঁচজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত বিজয় ও তার ছেলেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।





