মুম্বাইয়ে মহরমের মিছিলে বড়সড় নাশকতার ছক! বিষাক্ত ক্যাপসুল বিলি করতে গিয়ে ধরা পড়ল যুবক

মুম্বাইয়ের ভাইখলা এলাকায় মহরমের মিছিলে এক ভয়াবহ নাশকতার ছক বানচাল করল পুলিশ। শুক্রবার রহমতাবাদ কবরস্থানের কাছে মিছিলে শামিল মানুষের মধ্যে ‘ইমিউনিটি বুস্টার’ ও ‘পেইনকিলার’ হিসেবে বিষাক্ত ক্যাপসুল বিলি করছিল ফায়াজ প্রেমজি নামে এক যুবক। ওই ক্যাপসুল খেয়ে অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সতর্ক মহিলারা তড়িঘড়ি সন্দেহভাজনকে ধরে ফেললে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় প্রায় ১৫,০০০ মানুষ।
পুলিশি জেরায় ফায়াজ স্বীকার করেছে, সে মিছিলে অংশগ্রহণকারী ১৫,০০০ মানুষকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করেছিল। তার কাছ থেকে ১৪,৯০০টি বিষাক্ত ক্যাপসুল উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ক্যাপসুলগুলোতে ‘জিঙ্ক ফসফাইড’ নামক অত্যন্ত বিষাক্ত রাসায়নিক মেশানো ছিল, যা মূলত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
ঘটনার দিন তিন মহিলা স্বেচ্ছাসেবকের তৎপরতায় নাশকতার এই পরিকল্পনা ব্যর্থ হয়। তারা অভিযুক্তের কর্মকাণ্ডে সন্দেহ প্রকাশ করে লাউডস্পিকারে সতর্কতা জারি করেন। অভিযুক্ত ফায়াজ পেশায় বিবিএ গ্র্যাজুয়েট এবং তার বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। সে ইরান ও ইরাক সফর করেছে বলে জানা গেছে। পুলিশ বিএইচএস (BNS)-এর ১২৩ নম্বর ধারায় মামলা রুজু করেছে। জিঙ্ক ফসফাইড শরীরে প্রবেশ করলে হার্ট, ফুসফুস ও মস্তিষ্কে দ্রুত প্রভাব ফেলে, যার কোনো নির্দিষ্ট অ্যান্টিডোট নেই। ঘটনার পেছনে কোনো বড়সড় সন্ত্রাসী যোগ বা মাস্টারমাইন্ডের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। অভিযুক্তকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।