দুপুরের ডিউটিই হল শেষ সময়! বয়লার বিস্ফোরণে ছিন্নভিন্ন ১০ দেহ, ছত্তীসগঢ়ের প্ল্যান্টে হাহাকার

ছত্তীসগঢ়ের শক্তি জেলায় মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল শিল্পাঞ্চল। বেদান্ত লিমিটেডের পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণের ফলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন শ্রমিক। এই ঘটনায় আরও ২৩ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এবং প্ল্যান্টের ভেতরে এখনও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল দুপুরে যখন কর্মীরা ডিউটিতে ব্যস্ত ছিলেন, তখনই আচমকা পাওয়ার প্ল্যান্টের বয়লারটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই ঝলসে গিয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়েই পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

প্ল্যান্টের মুখপাত্র জানিয়েছেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আহতদের সবরকম চিকিৎসা ও সহায়তা প্রদানের জন্য আমরা স্থানীয় প্রশাসন ও মেডিক্যাল টিমের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনকে উদ্ধারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy