যোগীরাজ্যে বিজেপি সাংসদের বোনকে নির্মম নির্যাতন, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলায় বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোন রীনা সিং তার শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি শ্বশুর, দুই দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তার শ্বশুর প্রকাশ্য রাস্তায় তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।
রীনা সিং পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তার শ্বশুর লক্ষণ সিং এবং দুই দেওর রাজেশ ও গিরিশ সিং তাকে বেধড়ক মারধর করেছেন। তিনি আরও জানান, রবিবার দুপুরে তিনি যখন স্নানঘরে ছিলেন, তখন তার শ্বশুর লক্ষণ সিং এবং দেওর গিরিশ লুকিয়ে তার স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলেন। এর প্রতিবাদ করতেই তারা রীনাকে গালিগালাজ করতে শুরু করেন এবং শারীরিক নির্যাতন করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তার শ্বশুর লক্ষণ সিং তাকে লাঠি দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। রীনা আরও অভিযোগ করেন যে, তার শ্বশুর তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন এবং দেওর রাজেশ ছুরি দিয়ে তার ওপর হামলা করেন, যার ফলে তিনি আহত হন। গিরিশ লোহার রড দিয়ে তাকে পেটানোর অভিযোগও করেছেন তিনি।
পুলিশ আধিকারিক চমন গোস্বামী জানিয়েছেন, রীনা সিংয়ের অভিযোগের ভিত্তিতে তার শ্বশুর লক্ষণ সিং, এবং দুই দেওর রাজেশ সিং ও গিরিশ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।