‘মুখ্যমন্ত্রী নই, আগে শপথ নেব!’ পুলিশের কনভয় ফিরিয়ে তামিলনাড়ুতে নজির গড়লেন সুপারস্টার বিজয়

রুপোলি পর্দার ‘থালাপথি’ এখন বাস্তবের জননেতা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে বিজয়-এর দল ‘তামিলগা ভেট্রি কাজগম’ (TVK)। কিন্তু সরকার গঠনের আগেই নিজের রাজনৈতিক সততা ও নীতি দিয়ে গোটা দেশের নজর কেড়ে নিলেন এই দক্ষিণী সুপারস্টার। বৃহস্পতিবার বিজয় স্পষ্ট জানিয়ে দিলেন, যতক্ষণ না তিনি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ততক্ষণ প্রোটোকল অনুযায়ী প্রাপ্য পুলিশের বিশাল কনভয় বা সরকারি নিরাপত্তা তিনি গ্রহণ করবেন না।

গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নিয়মমাফিক বিজয়ের পনয়ুর বাসভবনে ৪টি নিরাপত্তা গাড়ি ও বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছিল। কিন্তু বিজয়ের নির্দেশে সেই কনভয় ফিরিয়ে দেওয়া হয়েছে। TVK-র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজয় মনে করেন জনগণের স্পষ্ট জনাদেশ নিয়ে সরকার গঠনের পরই তাঁর এই স্তরের নিরাপত্তা নেওয়া সাজে। এমনকি বুধবার যখন তিনি রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করতে যান, তখনও তিনি কোনো সরকারি গাড়ি ব্যবহার না করে অত্যন্ত সাধারণভাবেই পৌঁছে যান। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক নিশ্চিত করেছেন যে, বিজয়ের অনুরোধেই নিরাপত্তা সরানো হয়েছে, যদিও তা বাতিল করা হয়নি।

এদিকে এই রাজনৈতিক ডামাডোলের মাঝে এক অদ্ভুত বিভ্রান্তির সাক্ষী থাকল চেন্নাইয়ের নেহরু ইনডোর স্টেডিয়াম। বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক দূর-দূরান্ত থেকে বাসে করে স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন। তাঁদের বিশ্বাস ছিল, আজই প্রিয় নেতা বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কিন্তু স্টেডিয়ামে পৌঁছে তাঁরা দেখেন গেটে বড় তালা ঝুলছে এবং কর্মীরা এ বিষয়ে কিছুই জানেন না। কোয়েম্বাটোর থেকে আসা চারুলতা নামে এক মহিলা সমর্থক কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে আজ বিজয় মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এখানে এসে দেখছি সব বন্ধ। এটা খুবই দুঃখজনক।”

একই চিত্র দেখা গেল ১২ বছরের কিশোরী সাই দীপিকা বা এআইএডিএমকে সমর্থক পরিবার থেকে আসা গুণাসুন্দরীর ক্ষেত্রেও। গুণাসুন্দরী আবেগঘন গলায় বলেন, “বাড়িতে কাউকে না জানিয়ে শুধু বিজয়কে সামনাসামনি দেখব বলে চলে এসেছি। সোশ্যাল মিডিয়ায় খবর শুনেছিলাম আজ শপথগ্রহণ। দরজায় তালা দেখে ধাক্কা খেলাম। তবে আমার বিশ্বাস, উনিই জয়ী হবেন এবং মানুষের কাজ করবেন।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভুয়ো খবরের জেরেই যে এই বিভ্রান্তি, তা এখন স্পষ্ট। তবে সরকারিভাবে জানানো হয়েছে, শপথগ্রহণের প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy