মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফল! অস্থায়ী সেতুর উপর দিয়েই দৌড়ল NBSTC-র বাস, মিরিক পৌঁছনো এখন কত সহজ?

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে টানা ২৫ দিন বন্ধ থাকার পর অবশেষে সাধারণ যাত্রী ও পর্যটকদের জন্য স্বস্তির খবর। বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি-মিরিক রুটে ফের সরকারি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)।
কেন বন্ধ ছিল পরিষেবা?
গত ৪ অক্টোবর পাহাড়ের একাধিক জায়গায় ভয়াবহ ধস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বালাসন নদীর তীব্র স্রোতে মিরিকগামী দুধিয়ার লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিক কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পাঙখাবাড়ি, সোনাদা, কার্শিয়াং-এর মতো ঘুরপথে প্রায় সাত ঘণ্টা অতিরিক্ত পথ অতিক্রম করে মিরিকে পৌঁছতে হচ্ছিল যাত্রীদের।
NBSTC-র বড় ঘোষণা: এক নয়, চলবে তিনটি বাস!
অস্থায়ী সেতু নির্মাণের পর সেই সেতুর উপর দিয়েই শুরু হল বহু প্রতীক্ষিত এই বাস পরিষেবা। এর আগে দিনে একটি মাত্র বাস চললেও, এবার যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিদিন তিনটি করে অর্থাৎ মোট ছয়টি বাস এই রুটে চলাচল করবে বলে জানিয়েছেন NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
তিনি বলেন, “২৫ দিন পর শিলিগুড়ি-মিরিক রুটে ফের সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় সকলে খুব খুশি। যাত্রী-সহ চালক-সহকারী চালকদের সঙ্গে কথা বললাম। সকলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন।”
নতুন সময়সূচি (শিলিগুড়ি-মিরিক):
সকাল ৭টা ৩০ মিনিট
সকাল ১১টা ৩০ মিনিট
বিকেল ৩টা ৩০ মিনিট
শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই সময়ে মিরিকের উদ্দেশে বাস ছাড়বে এবং একই সময়ে মিরিক থেকেও শিলিগুড়ির দিকে বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, কালিম্পং থেকে মিরিকের উদ্দেশে একটি অতিরিক্ত বাসও চালানো হবে।
মুখ্যমন্ত্রীর তৎপরতায় দ্রুত সমাধান:
পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধস কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত বালাসন নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেন। মাত্র ১৬ দিনে ৪৬৮ মিটার দীর্ঘ এই অস্থায়ী সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে, যার উপর দিয়ে বর্তমানে যান চলাচল করছে। এই সেতুতে ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৫ সালে তৈরি পুরনো সেতুটি দুর্বল হওয়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই নতুন সেতু নির্মাণের জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে।