বিতর্কিত অতীত ভুলে বড় চমক! নেটফ্লিক্স ও ইউটিউবে ফিরছে সময় রায়নার ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’

গত বছর স্ট্যান্ড-আপ কমেডির দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’। শোয়ের কনটেন্ট এবং ভাষা নিয়ে ওঠা বিতর্কে জল এতদূর গড়িয়েছিল যে, আইনি জটিলতার জেরে ইউটিউব থেকে শো-টি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা। সেই অস্বস্তিকর অধ্যায় পেছনে ফেলে, ফের নতুন উদ্যমে ফিরছে এই জনপ্রিয় শো। শুক্রবার নেটফ্লিক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর সিজন ২-এর ঘোষণা করা হয়েছে।

কি থাকছে এবারের সিজনে? নতুন সিজন নিয়ে কৌতুহল তুঙ্গে। তবে সময়ের ভক্তদের জন্য সুখবর, শো-এর স্বকীয়তা বজায় থাকছে। নেটফ্লিক্সের পাশাপাশি শো-টি ইউটিউবেও একই সঙ্গে মুক্তি পাবে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্স ও সময় রায়না যৌথভাবে এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে।

এক অ্যানাউন্সমেন্ট ভিডিওতে সময় রায়না ও তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ক্রিয়েটিভ কোলাবোরেটর বলরাজ সিং ঘাইকে হাসির ছলে শো-এর ফিরতি নিয়ে আলোচনা করতে দেখা গেছে। নেটফ্লিক্সের প্রিমিয়াম অভিজ্ঞতার পাশাপাশি ইউটিউব দর্শকরাও কোনো ছাড় ছাড়াই শো-টি উপভোগ করতে পারবেন।

ফিল্টারহীন বিনোদন: শোয়ের ভাষা বা গালিগালাজ নিয়ে যে বিতর্ক ছিল, সে বিষয়ে সময় বেশ স্পষ্ট। তিনি সাফ জানিয়েছেন, শোয়ের ধরণ একই থাকবে, কোনো ‘ফিল্টার’ যোগ করা হচ্ছে না। অর্থাৎ, সিজন ১-এর সেই পরিচিত মেজাজেই ধরা দেবে নতুন সিজন। আগামীকাল, ২০ জুন থেকে স্ট্রিমিং শুরু হওয়ার কথা জানিয়েছে নেটফ্লিক্স।

উল্লেখ্য যে, গত বছর এক অতিথির মন্তব্যের জেরে শো-টি মারাত্মক বিতর্কের মুখে পড়েছিল। সেই সময় একাধিক এফআইআর দায়ের হয়েছিল সময় রায়না এবং শোয়ের কলাকুশলীদের বিরুদ্ধে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে সময়ের এই প্রত্যাবর্তনকে ঘিরে নেটপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে।