মা দুর্গা আসছেন কোন বাহনে? দোলায় না হাতিতে, জেনেনিন ২০২৫ সালের আগমন ও গমন

আর মাত্র কয়েক দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। ২১শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। এরপরই সবার মনে একটাই প্রশ্ন— এবার মা দুর্গা কোন বাহনে আসছেন আর কিসে করে ফিরে যাবেন? প্রাচীন শাস্ত্র মতে, দেবীর আগমন ও গমনের বাহনের ওপর নির্ভর করে গোটা বছর কেমন যাবে।

শাস্ত্র অনুযায়ী, মা দুর্গা চারটি প্রধান বাহনে আগমন ও গমন করেন: গজ (হাতি), ঘোটক (ঘোড়া), নৌকা এবং দোলা (পালকি)। প্রতিটি বাহনেরই নিজস্ব কার্যকারিতা আছে এবং তা প্রকৃতির ওপর প্রভাব ফেলে।

গজ (হাতি): এই বাহন শস্য ও জলের প্রাচুর্য নিয়ে আসে। গজে আগমন হলে পৃথিবী শস্য-শ্যামলা হয়।

ঘোটক (ঘোড়া): এটি অশুভ বা প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়। ঘোড়ায় আগমন হলে যুদ্ধ বা অশান্তি বাড়ে।

নৌকা: এটি বন্যা বা জলমগ্ন হওয়ার সম্ভাবনা বাড়ায়।

দোলা (পালকি): এই বাহন মহামারি বা মড়কের প্রতীক।

কীভাবে নির্ধারিত হয় বাহন?
দেবীর আগমন ও গমনের বাহন নির্ভর করে সপ্তমী ও বিজয়া দশমী কোন বারে পড়েছে তার ওপর।

রবিবার ও সোমবার: আগমন ও গমন হয় গজে (হাতি)।

মঙ্গলবার ও শনিবার: আগমন ও গমন হয় ঘোটকে (ঘোড়া)।

বুধবার: আগমন ও গমন হয় নৌকায়।

বৃহস্পতিবার ও শুক্রবার: আগমন ও গমন হয় দোলায় (পালকি)।

২০২৫ সালে দেবীর আগমন ও গমন
২০২৫ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে (হাতিতে)। এর ফলস্বরূপ পৃথিবী শস্য-শ্যামলা হবে বলে আশা করা যায়, যা অত্যন্ত শুভ। তবে, দেবীর গমন হবে দোলায় (পালকিতে)। দোলার গমনের কারণে মহামারি বা মড়কের আশঙ্কা থাকে, যা একটি অশুভ লক্ষণ।

অর্থাৎ, এই বছর মায়ের আগমন শুভ হলেও গমন খুব একটা শুভ নয়।