পরকীয়া করে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিজেপি নেতা! মুর্শিদাবাদে রাজনৈতিক তরজা তুঙ্গে

পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। অভিযুক্তের নাম সোমনাথ দাস, যিনি সুতি বিধানসভার তিন নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। তার নিজের স্ত্রী এবং অন্য এক পুরুষের স্ত্রীর অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

সুতির মহেসাইল-১ পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌমিতা দাস অভিযোগ করেছেন, তার স্বামী সোমনাথ দাস প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। মাস দুয়েক আগেই তিনি রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলাকে নিয়ে পালিয়ে গিয়েছেন। মৌমিতা বলেন, “বাড়িতে দুই সন্তান ও স্ত্রী রেখে কীভাবে একজন অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে পারেন?”

এদিকে, স্ত্রী হারানো ক্ষুদিরাম দাস ওরফে ভোলাও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, “গ্রামে মেম্বার থাকার সুবাদে সোমনাথের সঙ্গে যোগাযোগ হয়। এই সুযোগে আমার স্ত্রী তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ৬ বছরের সন্তানকে রেখে সে হঠাৎ পালিয়ে যায়।” ক্ষুদিরাম জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে আর কোনোদিন গ্রহণ করবেন না।

অভিযুক্ত বিজেপি নেতা সোমনাথ দাস এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে ফাঁসানোর জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, রাজশ্রী কোথায় আছেন তা তিনি জানেন না। সোমনাথ আরও বলেন, ভোলা নামে ওই যুবক তার স্ত্রীকে নির্যাতন করত, তাই তিনি শুধুমাত্র তাকে সাহায্য করেছেন। এই অভিযোগের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিজেপির মণ্ডলের সভাপতির এমন কাণ্ডে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।