সশরীরে উপস্থিত হয়ে জল্পনার অবসান! নতুন উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে জগদীপ ধনখড়

উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ পদত্যাগের পর অবশেষে জনসমক্ষে এলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে নতুন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে সস্ত্রীক উপস্থিত থাকতে দেখা যায়। তার এই উপস্থিতি নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে তার উপস্থিতিতে সেই জল্পনার অবসান ঘটল।

২০২২ সালের আগস্ট মাসে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। কিছু দিন আগে হঠাৎ করে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে জানান, চিকিৎসকের পরামর্শ মেনে তিনি আপাতত নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে চান।

যদিও তার এই হঠাৎ পদত্যাগের পর রাজনৈতিক মহলের একাংশে বিভিন্ন জল্পনা শুরু হয়। তবে সেসময় ধনখড় স্পষ্ট করে জানিয়েছিলেন, তার এই সিদ্ধান্ত শুধুই স্বাস্থ্যের কারণে।

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়ের পদত্যাগের পর নির্বাচন কমিশন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাধাকৃষ্ণন সহজেই জয়ী হন।