মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই মাস্টারস্ট্রোক! সরাসরি ইরান থেকে তেল আমদানির পথে রিলায়েন্স!

ইরান ও আমেরিকার চরম উত্তেজনার মাঝেই জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আন্তর্জাতিক মহলের চোখ রাঙানি উপেক্ষা করে এবার সরাসরি ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির তোড়জোড় শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এই সংক্রান্ত আইনি জটিলতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছে সংস্থাটি।
ইতিমধ্যেই ভারত সরকারের জাহাজ মন্ত্রক ইরানের চারটি তেলবাহী জাহাজকে গুজরাটের সিক্কা বন্দরে নোঙর করার বিশেষ অনুমতি দিয়েছে। অন্যদিকে, কাতার ভারতের জ্বালানি নিরাপত্তায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সম্প্রতি দোহায় কাতারের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। হরমুজ প্রণালী দিয়ে বিনা শুল্কে ভারতীয় জাহাজ চলাচল নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য ছিল।
পাশাপাশি, যুদ্ধের প্রভাবে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে মরিশাসের সঙ্গে নতুন চুক্তি করছে নয়াদিল্লি। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও বাহারিনের সঙ্গেও বাণিজ্যিক আলোচনা সেরে রেখেছেন পীযূষ গোয়েল। এই টানাপোড়েনের মধ্যেই মে মাসে ভারত সফরে আসছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, যা ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।